সিল্কসিটিনিউজ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। এ আসনে ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে রয়েছে বিএনপি। কিন্তু আসনটিতে একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী থাকায় দলীয় প্রার্থী সহজেই জিতে যাবে—তা বলা কঠিন।
এদিকে, বিএনপি ও এর বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বিএনপির বিদ্রোহী ছাড়াও দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতেরও প্রার্থী থাকায় ভোট নিয়ে চলছে নানা সমীকরণ। তবে বিএনপিকে বেকায়দায় বেশি ফেলেছে নিজ দলের বিদ্রোহী প্রার্থী।
কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রফিকুল ইসলাম হিলালী (ধানের শীর্ষ), স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য দেলোয়ার হোসেন ভূঞা দুলাল (ঘোড়া), জামায়াতের খায়রুল কবীর নিয়োগী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আবুল হোসেন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাকির হোসেন (হাতপাখা) এবং ইসলামী ফ্রন্টের মো.শামসুদ্দোহা (চেয়ার)।
সরেজমিনে গিয়ে কেন্দুয়া উপজেলা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ভোটারদের সঙ্গে কথা হয়।
তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। পুরোদমে জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের প্রচারপত্র হাতে গ্রাম-গঞ্জে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী ও তাদের লোকজন। এ আসনে অন্য প্রার্থীদের ছাপিয়ে প্রচার ও আলোচনায় উঠে এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী এবং সদ্য বহিস্কৃত বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলালের নাম।
তাদের মধ্যে কে হচ্ছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য- তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে নির্বাচন সহিংসতা বেড়ে যাওয়ায় ভোটারদের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ওই কয়েক দিনের মধ্যে দুই পক্ষে দফায় দফায় ঘটে যাওয়া হামলা-পাল্টাহামলায় বিএনপি কার্যালয় এবং স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ আসনে বিএনপি এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী—দুজনেরই রয়েছে শক্তিশালী অবস্থান।
অপরদিকে, আপাতদৃষ্টিতে লড়াই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ বলে মনে হলেও, জামায়াতও কৌশলে এগোচ্ছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থীর হিসাব কাজে লাগিয়ে কৌশলে কাজ করছে দলটি। মাঠে কম প্রচার, কম শব্দ কিন্তু পরিকল্পিত ভোট কেন্দ্রভিত্তিক সংগঠন। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল বাড়ছে। গ্রামের চায়ের দোকান,বাজারের আড্ডা কিংবা সামাজিক আলোচনায় এখন দুটি নামই ঘুরছে, বিএনপি না স্বতন্ত্র, নাকি শেষ হাসি হাসবে জামায়াত?
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঞা মজনু বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে রফিকুল ইসলাম হিলালী ছাত্রজীবন থেকে অদ্যবধি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষই তার শক্তির মূল উৎস। তিনি একজন সৎ ও ধার্মিক মানুষ। তার জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
স্বতন্ত্র প্রার্থী মো.দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলেন, আমি কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আমার সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রয়েছে। আমি জনগণের প্রার্থী। তাই জনগণ পরাজিত হবে,নাকি জয়ী হবে- সেই সিদ্ধান্ত জনগণই নেবে। যদি নির্বাচন সুষ্টু হয়, তবে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
জামায়াত প্রার্থী খায়রুল কবীর নিয়োগী বলেন, আপনারা ধানের শীর্ষ ও নৌকাকে দেখেছেন। এবার দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের সরকার গঠন করবে।










