জাতীয়

বাবাকে দেখাতে ছেলের মরদেহ আনা হলো কারাফটকে

নিউজ ডেস্ক৩ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল উদ্দিন। তিনি যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সাল থেকে রাজশাহী কারাগারে বন্দি আছেন তিনি। ছেলে আব্দুল্লাহ গত শনিবার (২ এপ্রিল) রাতে ট্রাকের সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

 

কারাগারে থাকা বাবা দুলাল সন্তানের মৃত্যু সংবাদে ভেঙে পড়েন। এমন পরিস্থিতিতে শেষবারের মতো বাবাকে সন্তানের মৃত মুখ দেখার আকুতি জানান তার স্ত্রী। পরিবারের এই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)-এর মৌখিক নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের প্রধান ফটকে নিয়ে আসা হয় নিহত আব্দুল্লাহর মরদেহ।

সেখানেই বন্দি দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। নিথর দেহ দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি দুলাল। অঝোরে কাঁদতে থাকেন তিনি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তা বজায় রেখে মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাবাকে ছেলের মুখ দেখানোর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরশিয়া গ্রামে। সেখানেই দাফন করা হয়।