বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নারী নির্যাতনকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার উপজেলার হরিরামপুর ও আলাইপুরবাসির আয়োজনে সেখানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০ বছর বয়সের এক নারীর সাথে ৫ বছর যাবত প্রেম করে আসছিল সিঙ্গাপুর ফেরত যুবক উপজেলার আলাইপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শামীনুর রহমান (২৮)। শামীনুর রহমান চার মাস আগে দেশে ফিরলে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্ত সে পরিবারের ভয়ে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে মেনে নিবেনা জেনেও এই নারীকে ১৪ নভেম্বর বাড়িতে আসতে বলে। তার কথামতো এই নারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়িতে আসে। এ সময় শামীনুর রহমান, তার ভাই এনামুল হক, বাবা আমিরুল ইসলাম এই নারীকে বেধম মারপিট করে। পরে আমিরুল থানাতে খবর দিলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে থানায় আনে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হয়। পরের দিন ১৫ নভেম্বর উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে এই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরের দিন ১৬ নভেম্বর পুলিশের সহায়তায় এই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে।


এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে হরিরামপুর ও আলাইপুরবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এই পথসভায় বক্তব্য রাখেন হরিরামপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওশাদ আলী, সাবেক সভাপতি আলাহাজ্ব মুনসুর রহমান, প্রধান শিক্ষক শাহ আলম খোকন, শিক্ষার্থী নদী আক্তার প্রমুখ।
যৌন নির্যাতনের শিকার নারী (২০) বলেন, শামীনুর রহমান দীর্ঘদিন থেকে বিয়ের লোভ দেখিয়ে বিভিন্নস্থানে যৌন হয়রানি করেছে। এমনকি আমার অন্যাত্রে বিয়ে হয়েছিল, সেখান থেকে তার কথামতো ছেড়ে নিয়েছি। আমি তাকে বিশ্বাস করতাম। আমার সাথে সে সিঙ্গাপুর থাকা অবস্থায় মোবাইলে নিয়োমিত যোগাযোগ রেখেছিল। তারপর চার মাস আগে দেশে আসার পর সে যখন যেখানে ডেকেছে, আমি সেখানে গিয়েছি। একাধিকবার আমার সাথে যৌন হয়রানি করেছে। কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে। আমি এর সুষ্ট বিচার চায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, এই বিষয়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স/অ










