সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লোকেশন সেবা চালু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড।
বাংলাদেশের তথ্যসমৃদ্ধ মানচিত্র, বৈচিত্রময় ম্যাপ এপিআইএস , অত্যাধুনিক আইওটি ডিভাইস এবং লোকেশনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে ব্যবসায়িক এবং ব্যক্তিগত প্রয়োজনের বিভিন্ন লোকেশনভিত্তিক সেবার এই অ্যাপের নাম ডিঙ্গি।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের একটি হোটেলে টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এই অ্যাপের বিস্তারিত তুলে ধরেন ডিঙ্গি টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সজল হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এবং জনপ্রিয় রিদমিক কি-বোর্ডের নির্মাতা শামীম হাসনাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
সজল হাজরা জানান, অ্যাপটিতে শুধু রাস্তার ম্যাপসহ ট্রাফিক আপডেট এবং দূরত্ব নয়, ঢাকার বিভিন্ন রুটের সিটি বাস সার্ভিসের তথ্য, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন, শপিং মল, এটিএম বুথ এবং ফার্মেসির অবস্থানের বিস্তারিত এবং সুনির্দিষ্ট তথ্যও জানা যাবে।
অ্যাপে রয়েছে ঢাকার বিভিন্ন এলাকার ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, পানি, গ্যাস, স্যানিটারি মিস্ত্রি এবং কাঠমিস্ত্রিদের ছবি ও অন্যান্য তথ্যসহ ফোন নম্বর। যাদের প্রয়োজন মতো সেবার জন্য ডেকে নেয়া যাবে।
ঢাকা সিটি বাস’ এর মাধ্যমে কোন রুটে কোন বাস চলে, ভাড়া কত, দূরত্ব কত, পৌঁছাতে কত সময় লাগবে এসব সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলবে। একটি বাস সড়কে চলার সময়ে নির্ধারিত রুটের কতটি স্টপেজে থামছে, গাড়িতে কী পরিমাণ যাত্রী আছে তাও জানা যাবে।
আন্তঃনগর ট্রেনের স্টেশন, লোকেশন, ভাড়ার তথ্যও থাকবে এখানে। এছাড়া জরুরি সেবা পাওয়ার জন্য হাসপাতাল, অ্যাম্বুলেন্স, পুলিশি যোগাযোগের ব্যবস্থাও রয়েছে ।

পথেও স্মার্টই থাকুন’ স্লোগানে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি অ্যাপটি উম্মোচন করা হয়। এখন পর্যন্ত এটির ডাউনলোড ৮১ হাজার।
সজল হাজরা বলছেন, বাংলাদেশের প্রথম ফ্রি কনসিউমার ম্যাপ এপ্লিকেশন এটি। ব্যবহার করা যাবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। এটা একমাত্র বাংলা ম্যাপ – যেটা বাংলাতেই বলে দেবে কোথায় কিভাবে যেতে হবে। যারা ইংরেজিতে কমফোর্টেবলে তাদের জন্যে রয়েছে ইংরেজি নেভিগেশন এর সুবিধা।
অন্য যেকোনো ম্যাপ হতে বেশি তথ্য আছে ডিঙি ম্যাপে। আকর্ষণীয় স্থান থেকে শুরু করে বন্ধুর বাড়ির ঠিকানা সহজেই খুঁজে পাওয়া যায় এতে। কৃত্রিম-বুদ্ধিমত্তা ভিত্তিক লোকেশন সার্ভিসের জন্যে বাংলাদেশের সবচেয়ে সক্ষম প্রতিষ্ঠান ডিঙ্গি।–বলছিলেন তিনি।
তাদের স্মার্টফ্লিট এন্টারপ্রাইজ দিয়ে যানবাহনের বহর, পণ্যের সরবরাহ বা বিক্রয়কর্মীর গতিবিধি মনিটর আর নিয়ন্ত্রণ করা যাবে রিয়েল টাইমে। দশটি বা হাজারটি, ঢাকা বা তেঁতুলিয়া যখন ঘটছে তখনি আপডেট মিলবে।
এছাড়া ডিঙ্গি স্মার্ট ডেলিভারি এপিআই স্যুট যেকোনো ধরণের ডেলিভারি সেবা যেমন খাদ্য সরবরাহ, কুরিয়ার সার্ভিস, পণ্য বিতরণ ইত্যাদি দেয়ার অ্যাপ্লিকেশন তৈরিতে সাহায্য করবে।
উদ্যোক্তারা জানান, প্রতিনিয়ত অ্যাপটি হালনাগাদ করা হচ্ছে। পরিকল্পিত ফিচারগুলো যোগ হচ্ছে। শিগগিরই অ্যাপটি পরিপূর্ণভাবে সেবা প্রদানে সক্ষম হবে।
সেবার আরও বিস্তারিত জানতে এবং অ্যাপ ডাউনলোড করতে যেতে হবে এই ঠিকানায় ।









