জাতীয়

‘বাংলাদেশে প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ’

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার বিশ্ববাসীকে দেখানোর মাধ্যমেই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে হবে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলাবিষয়ক প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি।

এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বিসর্জনস্থল ও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

সভায় জানানো হয়, মহানগরের বাইরে চট্টগ্রাম জেলায় এবার ২ হাজার ২৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে কোনো কুচক্রী মহল যেন গুজব বা অপপ্রচার চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গুজব প্রতিরোধে সাইবার ইউনিট ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয় থাকবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।