সদ্য প্রকাশিত
মতামত

বাংলাদেশে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২০৬ মিনিট পড়া
বাংলাদেশে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ আগামী দুই দশকের মধ্যে একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পেতে আগ্রহী এবং সরকার এ ব্যাপারে নানা উদ্যোগ নিচ্ছে।

উন্নত অর্থনীতির দেশ হতে হলে দুই দশক সময়কালের মধ্যে জিডিপি বর্তমানের ১ হাজার ৭০০ ডলার থেকে বৃদ্ধি করে নিয়ে যেতে হবে ১২ হাজার ডলারে- এটি অর্জন সহজ হবে না। তবে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের সফলতা বিশ্বব্যাপী স্বীকৃত।

অর্থনীতির উন্নতির স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন অপরিহার্য। জিডিপির হার বৃদ্ধির জন্য আমাদের করণীয় ও চ্যালেঞ্জগুলো জানা প্রয়োজন। শিক্ষা খাতের অভিজ্ঞতার আলোকে আমি অর্থনৈতিক উন্নয়নে উচ্চশিক্ষার অবদানের ব্যাপারে আলাপ-আলোচনা করতে পারি।

বাংলাদেশ বর্তমানে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে রূপান্তরিত হয়েছে শিল্প এবং সেবাচালিত একটি অর্থনীতিতে। অন্যদিকে সময়ের সঙ্গে দ্রুত পরিবর্তন হচ্ছে প্রযুক্তি।

ফলে উৎপাদন আর সেবার প্রকারেও পরিবর্তন হচ্ছে। উন্নত এবং অনেক উন্নয়নশীল দেশে অত্যন্ত দক্ষ জনবল রয়েছে, যারা এ প্রযুক্তিগত পরিবর্তনগুলো বুঝতে এবং উৎপাদন ও সেবা ক্ষেত্রে ধারাবাহিকভাবে সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম।

তবে বাংলাদেশে যেমন উচ্চ দক্ষতা, উদ্ভাবনী ও গভীরতর চিন্তাভাবনা এবং সমস্যা সমাধান করার দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি হয়নি, তেমনি মানবসম্পদ তৈরি হয়নি বলে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাধ্য হয়ে প্রতিবেশী দেশগুলো থেকে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হচ্ছে এবং তাদের বেতন-ভাতাদি বাবদ প্রতিবছর ৫ বিলিয়নের বেশি ডলার দেশের বাইরে চলে যাচ্ছে।

এ দেশের বর্ধমান তরুণ প্রজন্মকে কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে সজ্জিত করতে পারলে উৎপাদনশীলতা উন্নত করার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার সুযোগের একটি উইন্ডো উন্মোচিত হবে। এ অবস্থায় ব্যবসায়ী ও নিয়োগকর্তারা বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চ দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরির ব্যবস্থা নিতে বলছেন।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয়গুলো অদ্যাবধি তেমন গ্র্যাজুয়েট তৈরি করতে পারেনি। একই সময়ে ইন্ডাস্ট্রিজের সঙ্গে সহযোগী উদ্ভাবনমূলক গবেষণা মূলত অনুপস্থিত থাকায় বৈশ্বিক জ্ঞান অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান প্রতিযোগিতামূলক র‌্যাংকিংয়ে ক্ষুণ্ন ও অবনত হচ্ছে।

কাজেই উচ্চশিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধান করা জরুরি প্রয়োজন।

উচ্চশিক্ষার বর্তমান অবস্থার ওপর সংক্ষেপে আলোকপাত করা যাক। বর্তমানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট ৩৫ লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয় নিয়ে পড়াশোনা করছে।

অথচ এসব বিষয় নিয়ে ইন্ডিয়ায় ৪০ শতাংশ, মালয়েশিয়ায় ৪৪ শতাংশ এবং সিঙ্গাপুরে ৫০ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করে।

কাজেই অর্থনৈতিক বিকাশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এসব অতীব গুরুত্বপূর্ণ শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে।

আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূলত সনাতন শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করে থাকি। শিক্ষককেন্দ্রিক পাঠদানে শিক্ষার্থীরা কোর্সের উপকরণগুলো সত্যিকারভাবে শিখছে কিনা এবং অর্জিত জ্ঞানের প্রয়োগে দক্ষতা অর্জন করছে কিনা, সে বিষয়ে মনোযোগ না দিয়ে শুধু তাদের কোর্সের উপকরণ সম্পর্কিত জ্ঞান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। এখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় লার্নার।

শিক্ষার্থীরা পরীক্ষায় ফলাফল ভালো করার কৌশল রপ্ত করে এবং মুখস্থ ও আবৃত্তি কৌশলগুলো শিখতে অনুপ্রাণিত হয়। শেখার মূল্যায়ন পরিচালিত হয় মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে।

প্রশ্নের সঠিক উত্তর না দেয়ার কারণগুলো পর্যালোচনা করা হয় না এবং কোর্স শিক্ষক গ্রেড প্রদানের মাধ্যমে ছাত্রের মূল্যায়ন করে থাকেন। এ পদ্ধতিতে কর্মজীবনে তারা চিন্তা করার, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেয়ার দক্ষতা অর্জন করতে পারে না। বিংশ শতাব্দীর শুরু থেকে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ নিয়ে গবেষণা শুরু হয়।

উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হতে হবে একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ভালো আর্থ-সংবেদনশীল দক্ষতার সংমিশ্রণে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ ব্যবস্থা সৃষ্টি করা। এটি সম্ভব হলে শিক্ষার্থীরা কাজের জগতের জন্য এবং গ্র্যাজুয়েট হওয়ার পর আরও বিস্তৃত সামাজিক এবং নাগরিক জীবনের জন্য প্রস্তুত হবে।

বর্তমানে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ফলাফলভিত্তিক শিক্ষা (OBE) এবং ছাত্রকেন্দ্রিক শেখার (SCL) মডেলগুলো শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রবর্তন করেছে। আন্তর্জাতিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা এবং শেখার আধুনিকীকরণ করা দরকার।

অন্যদিকে পাঠ্যক্রম সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিকশিত হয়েছে এবং আরও গতিশীল প্রকৃতির হয়ে উঠেছে। পরিবর্তনের প্রয়োজন হয়েছে সামগ্রিকভাবে শিক্ষানবিশদের এবং সমাজের চাহিদা পূরণের জন্য।

সনাতন পাঠ্যক্রম শিক্ষককেন্দ্রিক এবং এটি শিক্ষার্থীদের বিভিন্ন জীবন সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য প্রস্তুত করে না। সনাতন পাঠ্যক্রম সম্পূর্ণভাবে বিষয়কেন্দ্রিক।

এ পাঠ্যক্রমটি সংরক্ষিত প্রকৃত জ্ঞানের একটি অঙ্গ, যা শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয় এবং মুখস্থ, আবৃত্তি ও ড্রিলের মাধ্যমে তারা তা আয়ত্ত করে। আর অন্যদিকে আধুনিক পাঠ্যক্রম বিষয় এবং জীবনকেন্দ্রিক উভয় সংমিশ্রণে প্রস্তুত হয়।

এটি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন অংশীদারদের মতামতের ভিত্তিতে মানসম্পন্ন শিক্ষা দেয়ার জন্য একটি পরিমাপযোগ্য পরিকল্পনা এবং কাঠামো সরবরাহ করে। এ পাঠ্যক্রমটি শিক্ষার ফলাফলগুলো চিহ্নিত করে, মান ও মূল দক্ষতা- যা ছাত্রদের অবশ্যই পরবর্তী স্তরে অগ্রসর হওয়ার আগেই অর্জনের সামর্থ্যতা প্রমাণ করতে হবে।

শিক্ষক শিক্ষাক্রম বিকাশ, বাস্তবায়ন ও সংশোধন করতে মূল ভূমিকা পালন করেন। শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পথে চলার জন্য এ প্রমাণভিত্তিক পাঠ্যক্রমটি একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। কোনো কোর্সে ছাত্রদের অগ্রগতি মূল্যায়ন পদ্ধতিগুলোও এখন ভিন্ন। বর্তমানে চার ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে- ডায়াগনস্টিক, ফরম্যাটিভ, বেঞ্চমার্ক (অন্তর্বর্তীকালীন) এবং সামেটিভ।

এসব মূল্যায়ন পদ্ধতির উদ্দেশ্য আলাদা, তবে একত্রিতভাবে এসব পদ্ধতি শিক্ষার্থীর একাডেমিক মূল্যায়নে কাজ করে। কাজেই এ শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ মডেলগুলো আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীর একাডেমিক কর্মক্ষমতা মূল্যায়নের আধুনিক পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের অবশ্যই জানা এবং জেনে তা প্রয়োগ করা দরকার।

বর্তমানে বাংলাদেশে ৪৪টি পাবলিক, ১০৪টি প্রাইভেট এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে। ২০১৬ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ৮৬।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধি উচ্চশিক্ষায় সমাজের বিভিন্ন পেশার মানুষের সন্তানদের সুযোগকে প্রসারিত করেছে এবং সরকারি তহবিলের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য সরকারের ওপর চাপ কমাতে সহায়তা করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম নেই।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা কম থাকায় এবং মান বজায় রাখতে ব্যর্থ হতে পারার আশঙ্কায় ইউজিসি অদ্যাবধি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পিএইচডি প্রোগ্রাম চালু করার অনুমতি দেয়নি। অনেক দেশে পিএইচডি ডিগ্রির মান বজায় রাখার জন্য পিএইচডি থিসিস বাইরের বিষয় বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। ইউজিসি এ ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে পারে।

যেহেতু পিএইচডি প্রোগ্রাম ছাড়া বিশ্ববিদ্যালয় পূর্ণতা পায় না, ইউজিসি পরীক্ষামূলকভাবে কয়েকটি ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পিএইচডি প্রোগ্রাম চালু করার অনুমতি দিতে পারে।

পাবলিক বিশ্ববিদ্যালগুলোতে শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে এবং গবেষণা ক্রমান্বয়ে গুরুত্ব হারাচ্ছে। এ প্রেক্ষাপটে অনেক দেশের সরকারের মতো বাংলাদেশ সরকারও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কার্যভিত্তিক তহবিলের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে; এতে শিক্ষকরা পড়ানো ও গবেষণার ব্যাপারে মনোযোগী হবে।

আশা করি, আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার এবং অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে একটি দক্ষ ও উদ্ভাবনী সমাজ গড়ে তোলার স্বার্থে প্রাইভেট ও পাবলিক- উভয় বিশ্ববিদ্যালয়গুলো ফলাফলভিত্তিক শিক্ষা (OBE) এবং ছাত্রকেন্দ্রিক শেখার (SCL) মডেলগুলো গ্রহণ করবে।

এমএম শহিদুল হাসান : উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

vc-ewubd.edu