সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

বড়পুকুরিয়ায় কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চীনা শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
বড়পুকুরিয়ায় কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চীনা শ্রমিকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত ওয়াং জিয়ান গুয়োর সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চীনা নাগরিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসের ভূ-গর্ভে কাজ করছিল। এ সময় ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। এতেই তিনি হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক বলেন, ‘গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে গুরুতর আহত হন চীনা শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো । পরে রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।