সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফ্যাটি লিভারে লিভারের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয় এবং ধীরে ধীরে লিভারের কোষে প্রদাহ ও ক্ষতি শুরু হয়।

অনেকের ফ্যাটি লিভার শনাক্ত হয় নিয়মিত পরীক্ষার মাধ্যমে। অতিরিক্ত জাংক ফুড খাওয়া, অনেক সময় শারীরিক কার্যকলাপ না করা; এসব কারণে লিভারে চর্বি জমতে থাকে। তাই ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।
চিকিৎসকের মতে, যাদের ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি।
ফ্যাটি লিভারকে সাধারণ সমস্যা ভেবে এড়ানো ঠিক নয়। দীর্ঘ সময় অবহেলার ফলে এটি গুরুতর রোগে, এমনকি ক্যান্সারেও পরিণত হতে পারে। লিভারে অতিরিক্ত ফ্যাট জমার ফলে প্রদাহ শুরু হয়।
চিকিৎসকরা বলছেন, ফ্যাটি লিভার অবহেলার ফলে ১০০ জনের মধ্যে ১৫ জন লিভার সিরোসিসে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ মদ্যপান বা হেপাটাইটিস ছাড়াও ফ্যাটি লিভারের কারণেই সিরোসিস হতে পারে। আর যারা সিরোসিসে আক্রান্ত হন, তাদের লিভারে ক্যান্সারের ঝুঁকি ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
চিকিৎসকরা তাই ফ্যাটি লিভারকে অবহেলা না করার পরামর্শ দেন। সময়মতো ডায়াগনোসিস ও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
সূত্র : আনন্দবাজার









