সদ্য প্রকাশিত
রাজনীতি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুরের পদত্যাগ

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৬৫ মিনিট পড়া
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুরের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রীয় দপ্তরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদুর রহমান পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ লিখিত বক্তব্যে তিনি এনসিপির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা ৫-৭টা মানুষ শুরুর দিকে এনসিপিকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য জনতাকে সংঘবদ্ধ করার প্রয়াস শুরু করি ও অনেক সাড়া পাই। গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা চট্টগ্রামে এনসিপিকে এগিয়ে নেওয়ার প্রয়াস পাই।

কিন্তু কিছু ক্ষেত্রে আমরা হোঁচট খেতে থাকি। পার্টিতে রূপান্তরের পর থেকেই দায়িত্বশীলদের একের পর এক অস্পষ্ট, শঠতাপূর্ণ ও দ্বিচারিতামূলক সিদ্ধান্ত জনগণকে হতাশ করে, পাশাপাশি নিজ দলের নেতাকর্মীরাও ব্যাপকভাবে আশাহত এবং প্রতারিত হয়। এর ফলে জাতীয় নাগরিক কমিটিতে পাওয়া আমাদের জনবল ও বৈষম্যবিরোধী আন্দোলনে (বৈছাআ) থাকা আমাদের অনেক সহযোদ্ধা ধীরে ধীরে ঝরতে থাকে। তা ছাড়া সহযোদ্ধাদের হারানোর অন্যতম কারণ হলো বৈছাআর কমিটিতে থাকা আমাদের অনেক সহযোদ্ধা নিজের অজান্তেই তত দিনে একটা নির্দিষ্ট দলের দাবার গুঁটি হয়ে যাওয়া।

’
সাঈদুর রহমান আরো লেখেন, ‘জামায়াতের প্রেসক্রিপশনেই নানা অজুহাতে সংগঠনকে তৃণমূলে বিস্তৃত হতে দেওয়া হয়নি বলে আমার গভীর সন্দেহ। যাতে এনসিপির সাংগঠনিক বিস্তার সন্তোষজনক নয় এমন দাবি করে তাদের সাথে জোট করা যায়। এবং মনে হচ্ছে সে পরিস্থিতি তৈরি করেই নাহিদ-আখতাররা জামায়াতের সঙ্গে জোট গঠন করল। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এনসিপিকে জামাতের প্রক্সি দাবি করে আমাদের যে প্রশ্নবাণে জর্জরিত করত তাদের দেওয়া হাজারো প্রত্যুত্তর বাস্তবিক উদাহরণগুলোর সামনে ফিকে হয়ে যেত।

যা দেড় বছর ধরে এনসিপির মাধ্যমে আপনারা দেখে এসেছেন।’
তিনি আরো বলেন, ‘এনসিপি আজ পর্যন্ত নেতৃস্থানীয় একটি বড় দল হতে না পারার মূল কারণ হলো মুক্তিযুদ্ধের প্রতি অন্তঃপ্রাণ এই অংশকে নিজের শামিয়ানার নিচে একাট্টা করতে না পারা ও ধর্মের ধূলি উড়িয়ে দেশকে জঙ্গি রাষ্ট্রের হুমকির দিকে নিয়ে যাওয়া তথাকথিত তৌহিদি জনতার বিরুদ্ধে এনসিপির নীরবতা। দেশের বৃহত্তর মুক্তিযুদ্ধপন্থী ও শান্তির ধর্ম ইসলামকে শান্তি বজায় রেখে পালনকারী এই জনগোষ্ঠীকে চরমভাবে আহত করে। অথচ এরা কেউই বিএনপি, জায়ামাত, আওয়ামী লীগ কিংবা অন্য কোন দলকে মোটা দাগে পছন্দ করত না। তারা ভোট দেওয়ার সুযোগ পেলে যে দলকেই ভোট দিতো মন্দের ভালো হিসেবে ভোট দিত।

সেই বিশাল অংশ জুলাই-আগস্টের ৩৬ দিনের আন্দোলনে এনসিপির প্রথম সারির নেতাদের আহ্বানে নেমেছে বলেই হাসিনাকে পালাতে হয়েছে। কিন্তু এনসিপি তাদের শামিয়ানায় ধরে রাখার মতো কোনো ক্যালিভার দেখাতে পারল না। উল্টো তাদের কাছে এনসিপি নিজেকে একটা দলের প্রক্সি হিসেবে তুলে ধরেছে।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রামের বুকে আঘাত হয়ে আসে এনসিপির সঙ্গে জামায়াতের জোট। অনেকে অনেক কিছু বলবেন, এই জোট শুধু নির্বাচনী হেনতেন অনেক কিছু। কিন্তু পাবলিক পারসেপশন এনসিপির প্রতি শুধু এই জোট দিয়ে তো নেগেটিভ হয়নি। তারা দেখছে এনসিপি ও বৈছাআ শুরু থেকেই জামায়াতের গুঁটি হিসেবে ব্যবহার হয়েছে। এই জামায়াতের কারণে চট্টগ্রামের ১০-১৫ হাজার ছেলে-মেয়ে তাদের চাকরি হারিয়েছে। নাহিদ ইসলাম নিজের মুখে বলেছে ঐতিহাসিক দায় থাকা কোনো দলের সঙ্গে তারা নির্বাচনে যাবে না, এর পরও তাদের সঙ্গেই আবার নির্বাচনে জোট করেছে। আবার এই গোষ্ঠীই উগ্র তৌহিদি জনতার সাথে মিশে সারা বাংলাদেশে মাজার-খানকা ভেঙেচুরে চুরমার করেছে, মসজিদ-মাদরাসা দখল করেছে। যার সরাসরি ক্ষতির শিকার দেশের মেইনস্ট্রিম মুসলমান সুন্নি সমাজ। যাদের বিশাল অংশ চট্টগ্রামে বাস করে। এই লোকগুলোকে সঙ্গে নিয়েই আমার রাজনৈতিক পথচলা হতে যাচ্ছে। আমি কিভাবে এদের বোঝাব এনসিপি বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারবে! এনসিপি চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষের জন্য নতুন রাজনীতি আনতে পারবে এই নিশ্চয়তা কিভাবে আমরা দেব, যেখানে এনসিপি ৮০ বছরের পুরনো গোঁয়ার্তুমি ভরা একটা দলের কোল থেকে সেই শুরু থেকেই নামতে পারছে না।’

সাঈদুর বলেন, ‘মানুষকে তো অনেক আশা দিয়েছি, ওই আশা দিয়েই চট্টগ্রামে এনসিপির রাজনীতি গুছিয়েছি। কিন্তু সেই আশার গুঁড়ে এনসিপি বারবার বালি দিয়েছে। এমনকি চট্টগ্রাম নিয়ে এনসিপি শুরু থেকে এখন পর্যন্ত কোন পরিকল্পনায় সাজায়নি। এনসিপির একটা বডির অংশ তো আমি, আমি তো দেখেছি এনসিপি কিভাবে ফাংশন করছে। এই কাজ দিয়ে আগামী ৩০ বছরেও চট্টগ্রাম থেকে এনসিপি কোন এমপি বের করতে পারবে না। উদাহরণ স্বরূপ দেখুন, আজ (২৬ তারিখ) এনসিপির প্রথম সারির নেতারা চট্টগ্রামে আসছে। অথচ চট্টগ্রাম মহানগর কমিটির সাথে এই প্রোগ্রাম নিয়ে ন্যূনতম আলোচনা দূর, ফরমালি আমাদেরকে জানানো পর্যন্ত হলো না। এরা নাকি দল চালাবে! দলের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক যোগাযোগটা পর্যন্ত এরা রাখে না। এনসিপি যেভাবে আগাচ্ছে, অদূর ভবিষ্যতে এই দল ৫-৭জন নেতার দল হয়েই সারভাইভ করবে যদি দল ভেঙে দিয়ে জামায়াতে মার্জ না হয়, আর মার্জ হলে তো দেশের সচেতন মহলের বলে বেড়ানো জামায়াতের বি-টিম তাই পুরোপুরি প্রতিভাত হবে।’

তিনি আরো বলেন, ‘এখন আমার নিজেকে প্রশ্ন এই দলটা তাহলে আমি কেনো করবো? যে দলে ড্যাডিকেশনের উপর ড্যাডিকেশন দিয়েও কোনভাবেই গুরুত্ব পাওয়া যায় না। যে দলে বিশেষ একটা দলের সাথে লিঙ্ক না থাকলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। যে দলে কেন্দ্রে গিয়ে কেন্দ্রীয় নেতাদের পা ধোয়া পানি না খাওয়া পর্যন্ত চিনতেও চায় না। যে দল গত দেড় বছরে তারা ডানপন্থী নাকি বামপন্থী নাকি মধ্যপন্থী নির্দিষ্ট একটি আদর্শ হাজির করতে পারলো না।’

‘এই দল আমি কেন করব? যে দলের রাজনীতি করলে আমার চট্টগ্রামের জন্য, আমার চট্টগ্রামের মানুষের জন্য আমি কিছুই করতে পারবো না, সে দলে যুক্ত থাকার কোন যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। তাই এনসিপি থেকে পদত্যাগ করছি।’