সিল্কসিটিনিউজ ডেস্ক: ছবি তোলার শখ রয়েছে এমন ব্যক্তিকে ‘টার্গেট’ করে প্রথমে ফেসবুকে বন্ধুত্ব। তারপর ধাপে ধাপে ঘনিষ্ঠতা বাড়ানো। আর সুযোগ বুঝে ক্যামেরা চুরি করেই ‘নিরুদ্দেশ’।
পুলিশ সূত্রের খবর, গত কয়েকমাসে ভবানীপুর, কড়েয়া, শেক্সপিয়ার সরণি, আনন্দপুর-সহ বেশ কয়েকটি থানায় এমনই অভিনব পদ্ধতিতে ক্যামেরা চুরির অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছিল ভবানীপুর থানার পুলিশ। শেষ পর্যন্ত গত সপ্তাহে দমদমের বাসিন্দা জয়দেব নাথকে গ্রেফতারের পরেই রহস্যের কিনারা হয়। ধৃতকে নিয়ে দিল্লি গিয়ে ক্যামেরা গলির একটি দোকান থেকে চুরি যাওয়া ক্যামেরা এবং লেন্স বাজেয়াপ্ত করা হয়। জয়দেবের কাছ থেকে যে ব্যক্তি ক্যামেরা এবং সরঞ্জামগুলি কিনেছিল, তাকেও গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, জয়দেব প্রথমে নিজেকে ‘পেশাদার ফটোগ্রাফার’ বলে পরিচয় দিত। বিশেষত, টালিগঞ্জে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘শিকার’ হিসাবে বাছত সে। ফেসবুকের মাধ্যমে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নানা কাজের ‘টোপ’ দিত। ‘শিকার’ ফাঁদে পা দিলে তাদের সঙ্গে নিয়ে ছবি তোলার পর্ব শুরু হতো। সে সময়েই নানা অছিলায় জয়দেব তাঁদের ক্যামেরা এবং লেন্স দেখতে চাইত। তারপর সুযোগ বুঝে চুরি করে বেপাত্তা হয়ে যেত।

পুলিশ সূত্রের খবর, জয়দেব একাধিক ফোন নম্বর ব্যবহার করত। নানা নামে ফেসবুকে প্রোফাইলও ছিল তার! গত সপ্তাহে জয়দেব কলকাতায় এসেছিল। খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, দমদমের একটি স্কুলের ছাত্র জয়দেব বেঙ্গালুরুর একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যানিমেশনের ডিগ্রি পেয়েছিল।










