সিল্কসিটিনিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে সবচেয়ে জমজমাট লড়াই হয়েছে করিমগঞ্জ-তাড়াইল আসনে। কিশোরগঞ্জ-৩ আসনের এ লড়াইয়ে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৬ ভোট।

বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পর তার বাসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতের সাবেক উপজেলা আমির ও কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ইংরেজি বিভাগী প্রধান আজিজুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কিশোরগঞ্জ জেলা সভাপতি শেখ খায়রুল কবীর।
এই মুহূর্তটিকে নির্বাচনের পর পরস্পরের প্রতি সম্মান ও রাজনৈতিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ। ড. ওসমান ফারুকের ফেসবুক পেজে এই ছবি প্রকাশের পর কর্নেল জেহাদ খানকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
এ বি সিদ্দিকি নামের একজন তার প্রতিক্রিয়ায় বলেন, রাজনীতির ঊর্ধ্বে এমন ভ্রাতৃত্বের দৃশ্য সত্যিই প্রশংসনীয়। অভিনন্দন দুইজনকেই। এটাই সুন্দর রাজনীতি — প্রতিদ্বন্দ্বিতা শেষে ভালোবাসা ও সৌহার্দ্য। জয়-পরাজয় থাকবেই, কিন্তু সম্পর্ক আর সম্মানটাই আসল। দুইজন নেতাকেই শ্রদ্ধা।
মঞ্জুর কাদের নামের একজন লেখেন, সুশিক্ষায় শিক্ষিত লোকদের আচার-আচরণ এই ধরনের হওয়া উচিত। উভয়ের দীর্ঘায়ু কামনা করছি।
মোহাম্মদ রনি হোসাইন নামের একজন বলেন, এটা রাজনীতির সৌন্দর্য। এমন সম্প্রীতির বাংলাদেশ-ই আমরা চেয়েছিলাম। ধন্যবাদ ডা. জেহাদ খানকে।
শামীম আহমেদ নামের একজন বলেন, সুশিক্ষার গুণ। রাজনৈতিক অঙ্গনে আমরা সাধারণ মানুষ এটাই প্রত্যাশা করি।
ইফরান শামীম খান বলেন, আমরা এরকম রাজনীতিই চাই যেখানে সবার প্রতি সবার সম্মান থাকবে অটুট, দোয়া করি আপনারা এভাবে মিলেমিশে তাড়াইল করিমগঞ্জ কে এগিয়ে নিয়ে যান
নজরুল ইসলাম নামের একজন বলেন, দুইজনেই ভালো আর সাদা মনের মানুষ ছিল। সত্যি বলতে ওই অঞ্চলের ভোটাররাও কনফিউশনে ছিলেন কাকে রেখে কাকে ভোট দেয়।










