নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর আলুপট্টিতে অবস্থিত ট্রাস্ট ব্যাংকের শাখায় ২০ হাজার টাকা তুলতে এসে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোর আরমান হোসেন (১৭)। সে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শুখানদীঘি গ্রামে নকিম উদ্দীনের ছেলে।
সে টাকা তোলার পরে বাড়িতে মোবাইল ফোনে কথাও হয়। বলেছিলো, ‘ফিরে আসছি।’ এই শেষ কথা। এরপর থেকে নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটলেও মহানগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার। নিঁখোজের সময়ে তার পরণে ছিলো জিন্স প্যান্ট ও সাদা শার্ট। এছাড়াও র্যাব ও ডিবি অফিসে আলাদাভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ আরমান হোসেনের চাচাতো ভাই শিক্ষক সাহাবুল ইসলাম জানান, আরমান রাজশাহী মহানগরীর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। লেখাপড়া করলেও সংসারের সবকিছুর দায়িত্ব ছিলো আরমানের হাতে।
পারিবারিক কাজের প্রয়োজনে আরমান সোমবার সকালে বাড়ি থেকে রাজশাহী মহানগরীর আলুপট্টিতে আসেন ব্যাংক থেকে টাকা তোলার জন্য। ২০ হাজার ব্যাংক থেকে তোলার পরে সে বাড়িতে ফিরে আসার কথা ফোন করে বলেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি অভিযোগ আকারে হাতে পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।
স/আর










