সিল্কসিটিনিউজ ডেস্ক :
সদ্যই শেষ হলো দুর্গাপূজা, যার রেশ এখনো কাটেনি। তার আগেই বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা, নির্মাতা ও প্রযোজক ফারহান আখতার।
ফারহানের কার্ড ব্যবহার করে তার মায়ের গাড়ির চালক ১২ লাখ রুপি ( যা বাংলাদেশি টাকায় প্রায় সারে ১৬ লাখ) আত্মসাৎ করেছেন! তার এই কাণ্ডের সহযোগী স্থানীয় পেট্রল পাম্পের এক কর্মী। ইতিমধ্যে ফারহানের মায়ের ম্যানেজার উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

দুই দিন আগে ফারহানের মা হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া আবিষ্কার করেন যে, গাড়ির ৩৫ লিটার পেট্রলের প্রয়োজন তার জন্য ৬২১ লিটার জ্বালানি কিনেছেন অভিযুক্ত গাড়িচালক নরেশ সিং! সঙ্গে সঙ্গে তিনি প্রকৃত কারণ জানতে চান তার কাছে।
অভিযোগ, নরেশ শুরুতে মিথ্যা বলেন। জানান, পেট্রল ভরাতে তিনি ফারহানের একটি মাত্র কার্ড ব্যবহার করেন।
ভাটিয়া বারবার তাকে প্রশ্ন করতে থাকলে একসময় অভিযুক্ত দোষ স্বীকার করেন।
এরপর জানান, ইরানির পুরনো গাড়িচালক তাকে তিনটি কার্ড দিয়েছিলেন। তিনটিই ফারহানের। ওই কার্ড দিয়ে তিনি স্থানীয় এক পেট্রল পাম্প থেকে অতিরিক্ত জ্বালানি কিনতেন। যাতে ধরা না পড়েন তার জন্য ওই পেট্রল পাম্পের এক কর্মচারী অরুণ সিংকে কিছু অর্থের বিনিময়ে হাত করেছিলেন।
পুরো ঘটনা ফারহানের মায়ের কাছে স্বীকার করার পর চালক নরেশের নামে বান্দ্রা থানায় লিখিত অভিযোগ জানান দিয়া। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৮ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন), ৪১৮ (প্রতারণা) এবং ৩ (৫) (সাধারণ বিধান)-এর অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।









