সদ্য প্রকাশিত
রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক : ফখরুল

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সভানেত্রী যে কথাগুলো বলেছেন, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি পরিষ্কার বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এ কথা তিনি কাউন্সিল অধিবেশনে বলেছেন। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, আগামীবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে যেকোনো মূল্যে। এই কথাগুলো থেকে পরিষ্কার হয়ে গেছে যে তাঁদের লক্ষ্য কী এবং তাঁরা কী করতে চান। ভোটেরই বা দরকার কী? ঘোষণা করে দিলেই হয় যে আমরা আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় চলে গেলাম। তাহলেই তো হয়ে যায়। এই যে একটা নাটক, এই নাটকের প্রয়োজনীয়তা নেই।’

 

সব রাজনৈতিক দলের কাছ থেকে মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বিএনপির মহাসচিব। তা না হলে দেশের মানুষ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

 

আবারও দলীয় আজ্ঞাবহ নির্বাচন কমিশন হতে পারে বলেও এ সময় আশঙ্কা প্রকাশ করে সরকারকে হুঁশিয়ার করে দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আজকে আমরা সার্চ কমিটির কথা শুনছি। আমরা একবার দেখেছি সার্চ কমিটির নামে সার্চ করা হয়েছে, সন্ধান করা হয়েছে, খুঁজে বের করা হয়েছে এমন কয়েকজন ব্যক্তিকে, যাদের মেরুদণ্ডে কোনো হাড় নাই। যারা দেশ, দেশের শাসনতন্ত্র এবং প্রচলিত আইন উপেক্ষা করে সরকারের হুকুমমতো চলে।’

 

বিএনপির এ দুই নেতাই বলেন, উন্নয়নের নামে গণতন্ত্র হত্যাকারী এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। তাই তাঁরা মনে করেন, সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় হলেই বিদায় হবে আওয়ামী লীগ।

সূত্র:এনটিভি