সদ্য প্রকাশিত
জাতীয়

প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্বাচন দেয়ার নজির নেই

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৮২ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্বাচন দেয়ার নজির নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে এলে স্বাগত, না এলে কিছুই করার নেই। নির্বাচন নির্বাচনের গতিতেই চলবে। নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না।

পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এমন নজির বিএনপি দেখাতে পারবে না। তিনি বলেন, অন্যসব গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় সরকার যেভাবে দায়িত্ব পালন করে শেখ হাসিনার সরকারও সেভাবে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলন করতে গিয়ে জনগণের সাড়া পায়নি। তাই এখন তারা নালিশ ছাড়া আর কিছু করতে পারে না। তাদের কাজই হচ্ছে নালিশ করা। তারা দেশের মানুষের কাছে নালিশ করে না। নালিশ করে বিদেশিদের কাছে। বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিদেশিদের কাছে নালিশ না করে জনগণের কাছে নালিশ করুন।

জনগণ নির্বাচনে আমাদের না চাইলে আমরা তো জোর করে ক্ষমতায় থাকতে পারব না। জনগণের রায় নিন। জনগণের কাছে যান। বিদেশিদের কাছে নালিশ করে দেশকে ছোট করবেন না। তিনি বলেন, আমাদের ভাগ্য আমাদের ঠিক করতে হবে। জনগণ আমাদের দেশের গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করবে।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে উচ্চ আদালত সাজা মওকুফ করলে আমাদের কিছু করার নেই। তার বিষয়টি আদালতের এখতিয়ার। মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেয়া। মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

তিনি বলেন, বিএনপি যে শর্ত দিয়েছে সেটি কার ওপর দিচ্ছে। আদালত কি নির্বাচন পরিচালনা করবে? খালেদা জিয়াকে মুক্তি দাও এটা কি আদালতকে সরকার বলতে পারে।

সেতুমন্ত্রী ওবায়দুল আরও বলেন, নির্বাচনের সময় সরকারের বড় কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। যেসব মন্ত্রণালয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে।

এখানে সরকারের কোনো দায়দায়িত্ব নেই। সরকার ইচ্ছে করলেও হস্তক্ষেপ করতে পারবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার সেসব করবে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়ক মে মাসের মধ্যে সংস্কার করার কথা জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী বর্ষা মৌসুমের আগে দেশের সব সড়ক মহাসড়ক সংস্কার করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবদুস সবুর, গণসংযোগ কর্মকর্তা ওয়ালিদ হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

যুগান্তর