সদ্য প্রকাশিত
জাতীয়

প্রধানমন্ত্রীকে ছুটি দিন : গয়েশ্বর

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
প্রধানমন্ত্রীকে ছুটি দিন : গয়েশ্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ কি না, সেই প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাঁর ছুটি দরকার।

আজ শনিবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এই মন্তব্য করেন।

‘প্রধানমন্ত্রী এক মাস ধরে দেশে ফিরেছেন। কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ? যদি তিনি ( প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকেন, তাহলে আইনমন্ত্রীকে বলতে চাই, প্রধান বিচারপতিকে যদি অসুস্থতার কারণে ছুটি দিয়ে থাকেন, তাহলে সেই কারণেই জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকেও ছুটি দিন।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম ( জিনাফ) নামের একটি সংগঠন।

আলোচনায় নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘২৫ জানুয়ারি ১৯৭৫ সালে নির্বাচনকে প্রথম বাক্সে বন্দি করা হয়েছে। পরে ৭ নভেম্বর তা উদ্ধার হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে গুম করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা গণতন্ত্রকে ক্রসফায়ারে দেওয়ার ষড়যন্ত্র করছে।’

‘আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো এক সাথে হতে পারে না। তেঁতুল আর দুধ যেমন একসঙ্গে রাখা যায় না, ঠিক তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে রাখলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রকে ফিরে পেতে হলে আওয়ামী লীগকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো উপদ্রব থাকলে বিএনপি নির্বাচনে যাবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে দলটির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া যেদিক দিয়ে যায়, সেদিকে জণগন আসবেই—এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসলেন, পুলিশ ছাড়াও প্রায় পাঁচ হাজার লোক সিভিল পোশাকে ছিল। তার পরও লোক হয়নি।’

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ প্রমুখ।

সূত্র: এনটিভি