সিল্কসিটিনিউজ ডেস্ক:
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে ভারত সরকারের উদ্দেশ্য কী, তা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন।
ভারত সরকার কেন এটা করল এবং এ আইনের প্রয়োজন ছিল না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত সরকার সব সময় তাদের পক্ষ থেকে বলে আসছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ব্যক্তিগতভাবে গত বছরের অক্টোবরে নয়াদিল্লি সফরকালে আমাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।’ প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তব্যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন।

১৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি গালফ নিউজে প্রচারিত হওয়ার পর ভারতের বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বেশ আলোচনা হয়েছে। সম্ভবত এনআরসি, সিএএ এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর নিয়ে ভারতজুড়ে মোদি সরকারবিরোধী ব্যাপক আন্দোলন শুরু হলেও এ বিষয় নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে ইতিপূর্বে এমন জোরালো বক্তব্য শোনা যায়নি বলে হয়তো ভারতের বিভিন্ন মহলের কাছে শেখ হাসিনার এ বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে।
গত কয়েক বছর ধরে ভারতজুড়ে তথাকথিত অনুপ্রবেশকারী মুসলিমদের জড়িয়ে বাংলাদেশবিরোধী যে ব্যাপক কটূক্তি করা হচ্ছে, তার বিপরীতে বাংলাদেশ এতদিন যে শীতল মনোভাব দেখিয়ে আসছিল সে পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য ভারতের বিভিন্ন মহলে আলোচিত হবে এটাই স্বাভাবিক। ইতিপূর্বে বাংলাদেশের দুই মন্ত্রীর ভারত সফর বাতিল নিয়েও এমন আলোচনা হয়েছিল।
আসাম অভিজ্ঞতার পর ভারতের মোদি সরকার আপাতত এনআরসি’র পরিকল্পনা থেকে সরে এসে সংসদে সিএএ পাস করিয়ে নিয়েছে। এখন এই সিএএ নিয়েই ভারতে যত গণ্ডগোল।
সিএএ নিয়ে বিরোধীদলসহ বিভিন্ন রাজ্য সরকার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। সিএএ বিলটি সংসদে পাস হওয়ার ফলে কাজের কাজ একটিই হয়েছে, তা হল, ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের সব স্তরের মানুষ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
এমন ঐক্যবদ্ধ আন্দোলনে বিজেপি কিছুটা ধাক্কা খেলেও তাদের পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে চলেছেন। ভবিষ্যতে দেশব্যাপী এনআরসি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্তমানে এনপিআরের কার্যক্রম শুরু করেছে। এনপিআর হল, ভারতের সাধারণ বাসিন্দাদের তালিকা। অর্থাৎ সে দেশের সাধারণ বাসিন্দা হলেন তিনি, যিনি একটি নির্দিষ্ট এলাকায় ৬ মাস ধরে বসবাস করেছেন বা পরবর্তী ৬ মাস অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।
তিনি সে দেশের নাগরিকও হতে পারেন আবার নাও হতে পারেন। এনপিআর সব বাসিন্দার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এতে সুবিধা হল, একবার বাসিন্দাদের তালিকা তৈরি হয়ে গেলে জাতীয় পর্যায়ে যখন এনআরসি করা হবে তখন সেই তালিকা থেকে নাগরিকদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে। ভারতে ২০১০ সালে আরও একবার এই জনগণনা হলেও তখন কোনো রেজিস্টার তৈরি করা হয়নি।
এবার এই গণনায় বাসিন্দাদের বেশ কিছু তথ্য দিতে হবে যা ব্যক্তিগত গোপনীয়। এসব তথ্য প্রকাশ হলে সে দেশের মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। যেমন মোবাইল নম্বর, পাসপোর্ট নম্বর ও আরও বিভিন্ন পরিচয়পত্রের নম্বর ইত্যাদি এই জনগণনার কর্তৃপক্ষকে জানাতে হবে। এজন্য সে দেশের মানুষ ব্যক্তিগত গোপন তথ্য বেহাত হয়ে যাওয়ার ভয়ে উদ্বিগ্ন।
এ নিয়ে সারা দেশে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে। চারদিকে বিক্ষোভ, আন্দোলন শুরু হয়েছে। এক পর্যালোচনায় দেখা গেছে, ভারতের এ সাম্প্রদায়িক দলীয় সরকারের শুধু নির্দিষ্ট একটি ধর্মে বিশ্বাসী মানুষদের রাষ্ট্রহীন করার অপচেষ্টার বিরুদ্ধে সে দেশের মানুষ আজ একজোট হয়নি বরং ধর্মীয় বিদ্বেষের কারণে সমাজে যে বিভাজনের আশঙ্কা দেখা দিয়েছে এবং পাশাপাশি মানুষের ব্যক্তিস্বাধীনতায় আঘাত হানার যে চেষ্টা চলছে তার প্রতিবাদেও তারা আজ রাস্তায় নেমে এসেছে। এরই জেরে পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্য সরকার এনপিআর কার্যক্রম প্রতিহতের ঘোষণাও দিয়েছে।
একজন বাংলাদেশি হিসেবে ভারতের সাম্প্রতিক ঘটনাবলিকে আমরা কী চোখে দেখব? যদি সহজ করে বলি, তাহলে বলতে হয়, এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। যেমনটি আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন।
কিন্তু প্রমাণ হওয়ার আগেই যখন সেদেশের ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা তথাকথিত অনুপ্রবেশকারী হিসেবে কিছু মানুষকে চিহ্নিত করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে বলে ঢালাওভাবে প্রচার করেন, তখন উদ্বিগ্ন না হয়ে পারি না।
এসব নিয়ে ওদের রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করতে গিয়ে যখন বাংলাদেশ নিয়ে কটু কথা বলে, তখন আমাদের সতর্ক হতে হয় বৈকি। যখন ওদের নেতারা সেদেশের বাঙালি মুসলিমদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ঠাট্টা-মশকরা করেন, তখন তাকে আমরা কীভাবে গ্রহণ করব তা ভেবে দেখতে হবে। কিছুদিন আগে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় তার বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির চিড়ের তৈরি পোহা (বাংলাদেশে মোয়া বলে) খেতে দেখে কটাক্ষ করে বলেছেন, ‘আমি ওদের পোহা খাওয়া দেখেই বুঝতে পেরেছি ওরা বাংলাদেশি, অনুপ্রবেশকারী।’
তারপর কৈলাস যে মন্তব্যটি করেছেন তা বেশ উদ্বেগজনক। তিনি বলেছেন, ‘রাজমিস্ত্রিদের বিষয়টি সবাইকে জানালাম, যাতে সবাই সতর্ক থাকেন। গত দেড় বছর ধরেই বাংলাদেশি জঙ্গিদের চোখে চোখে রাখি। এজন্যই আমি যখন বাড়ির বাইরে পা রাখি, ছ’জন নিরাপত্তারক্ষীকে সব সময় পাহারা দিতে হয়।’ তার কথা শুনে মনে হতে পারে, প্রমাণ হোক বা না হোক বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন যে কোনো ব্যক্তি মানেই তিনি জঙ্গিগোষ্ঠীর সদস্য। কৈলাসের এ মন্তব্য অবশ্য বেশ সমালোচিত হয়েছে।
কিছুদিন আগে নরেন্দ্র মোদিও ‘পোশাক দেখে বিশেষ শ্রেণির মানুষের পরিচয় বোঝা যায়’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এ ধরনের মন্তব্যকে সে দেশের মানুষ ক্ষমতাসীনদের পরিকল্পিত রাজনৈতিক চাল বলেই মনে করে। বিরোধী রাজনৈতিক দলগুলোও মনে করে, খাদ্যাভ্যাস ও পোশাক-পরিচ্ছদ দেখে মানুষকে চিহ্নিত করতে চাইছে সরকার। তাদের অভিযোগ, সরকার আসলে এসব করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়ার চেষ্টা করছে।
ভারতের নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক সীমানায় বিএসএফের হাতে বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনাও আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যার ঘটনা তার প্রমাণ। সম্প্রতি সীমান্ত হত্যার সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। ২০১৯ সালে বিএসএফ ৩৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে। আর এ বছরে এরই মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি তাদের হাতে নিহত হয়েছেন।
লক্ষণীয় বিষয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা বেড়ে গেছে। পরিসংখ্যান বলে, দেশ স্বাধীন হওয়ার পর বছরের হিসাবে ২০০৯ সালে সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। সে বছর মোট ৬৬ জনকে ওরা গুলি করে হত্যা করেছে। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিক বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার শিকার হয়েছেন। অথচ এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো জোরালো প্রতিবাদ জানাতে দেখি না।
এমনকি ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে সীমান্ত হত্যা বন্ধের গ্রহণযোগ্য কোনো সমাধান করতেও দেখছি না। এ পর্যন্ত যা কিছু হয়েছে, তা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ে। কিন্তু তাতে কাজের কাজ যে কিছুই হয়নি, তা বলাই বাহুল্য। অথচ ভারত প্রায়ই দাবি করে থাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
ভারত মনে করতে পারে, তবে বাংলাদেশের মানুষ আজ তা বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারত যে আচরণ করে যাচ্ছে তাতে ঘনিষ্ঠ বন্ধুত্বের কোনো আলামত বাস্তবে চোখে পড়ে না।
তবে আমাদের দেশের কিছু মানুষ আছেন, বাস্তবতা বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দিয়ে তারা এসব আচরণকে জাস্টিফাই করার চেষ্টা করেন। সাম্প্রতিক সীমান্ত হত্যার ঘটনায় আমাদের একজন মন্ত্রী মহোদয়ের অমানবিক মন্তব্য শুনে হতভাগ হয়েছি। ২৩ জানুয়ারি নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের গুলিতে তিনজন বাংলাদেশি নিহত হয়। পোরশা সীমান্ত বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী এলাকা। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি যে মন্তব্যটি করেন তা বেশ নিষ্ঠুর বলেই মনে হয়েছে।
তিনি বলেছেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নেই।’ মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনে প্রশ্ন জাগে তিনি তার বক্তব্যের মাধ্যমে বিএসএফের এই হত্যার ঘটনাটিকে জায়েজ করার চেষ্টা করেছেন কিনা। তিনি আরও বলেছেন, সীমান্ত পেরিয়ে কেউ গরু আনতে গিয়ে হত্যার শিকার হলে সরকার দায় নেবে না। তার এ বক্তব্যটিও মেনে নেয়া যাচ্ছে না।
মন্ত্রী মহোদয় কি বলতে পারবেন বাংলাদেশ বা ভারতের কোন আইনে অন্যায়ভাবে কেউ সীমান্ত অতিক্রম করলে দেখামাত্র গুলি করে হত্যা করার হুকুম দেয়া আছে? তিনি হয়তো ভুলে গেছেন, কেউ যদি বৈধ কাগজ ছাড়া সীমান্ত অতিক্রম করে, তার বিরুদ্ধে স্বাভাবিক আইনি ব্যবস্থা নেয়ার কথাই ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তিতে বলা আছে। তার নির্বাচনী এলাকার মানুষ যদি এমন অন্যায় কাজ করে হত্যার শিকার হয়ে থাকেন, তার ভাষায় ‘সরকার কোনো দায়িত্ব নেবে না’ বললেও ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি কি তার দায় এড়াতে পারেন?
রাজনৈতিক নেতারা এসব দায়-দায়িত্বের ব্যাপারগুলো এড়াতে চাইলেও আমাদের ছাত্রসমাজ কিন্তু বসে নেই। শুনেছি সীমান্ত হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমরণ অনশনে গেছেন। ব্যক্তিস্বার্থের রাজনীতি ভুলে গিয়ে আমাদের এসব জনপ্রতিনিধি কবে যে এ তরতাজা তরুণদের কাছ থেকে দেশেপ্রেমের এমন শিক্ষা গ্রহণ করবেন! নিজের বুদ্ধি-বিবেচনা দিয়ে আত্মসম্মানবোধ রক্ষা করা কি এতই কঠিন কাজ?
আসলে, যেখানে সরকারের সন্তুষ্টি করাই বর্তমান ক্ষমতার রাজনীতিতে যোগ্যতার মাপকাঠি, সেখানে যোগ্যতা প্রমাণ করতে নিজের চিন্তাশক্তিকে জলাঞ্জলি দিয়ে তোষামোদ ও দলদাস বৃত্তির সহজ পথকেই আমরা বেছে নেই।
প্রসঙ্গক্রমে সরে গেলেও আমার লেখার মূল বিষয়ে আবার ফিরে আসি। ভারতের বিএসএফ গুলি করে যত বাংলাদেশিকেই হত্যা করুক না কেন বা তাদের জনপ্রতিনিধিরা বাংলাদেশ সম্পর্কে যত বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করুক না কেন, বাংলাদেশ এ পর্যন্ত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। আজ যদি উল্টো চিত্রটি হতো, তাহলে এ ব্যাপারে ভারত বাংলাদেশের সঙ্গে কেমন আচরণ করত তা সহজেই অনুমেয়। সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে ভারতের ইতিপূর্বেকার প্রতিক্রিয়ার কথা আমাদের জানা আছে। সে বিবেচনায় আমাদের সব শ্রেণির মানুষ যে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থায় বসবাস করছে, তা বলার অপেক্ষা রাখে না। এজন্য এদেশের সাধারণ মানুষ এবং বর্তমান সরকারকে সাধুবাদ জানাতে হয়। ইতিপূর্বে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে বাংলাদেশে বেশ কিছুদিন অবস্থান করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সে অভিজ্ঞতা নিয়ে যেতে বলেছিলেন। আমরা লক্ষ করেছি, এতকিছুর পরও ভারতের পশ্চিমবঙ্গের বিতর্কিত সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বরাবরই বাংলাদেশবিরোধী বক্তব্য দিয়েই যাচ্ছেন।
সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে বেরিয়ে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘দু-কোটি বাংলাদেশি মুসলিম এদেশে ঢুকে পড়েছে। এই দু’কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে।’ ভারতের এসব নেতা যখন বাংলাদেশের দিকে সরাসরি আঙ্গুল তাক করে এমন প্রকাশ্য বক্তব্য দেন তখন কিছুটা সতর্ক না হয়ে পারা যায় না।
অবশ্য ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী সরাসরি অস্বীকার করেছেন। গালফ নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে অভিবাসনের কোনো ঘটনা ঘটনেনি’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী সঠিক কাজটিই করেছেন। তিনি বাংলাদেশের মানুষের মনোভাব যথার্থভাবেই উপস্থাপন করেছেন।
প্রধানমন্ত্রী তার এ বক্তব্যের মাধ্যমে ভারতকে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে, ভবিষ্যতে ভারত এনআরসি কিংবা সিএএ’র মাধ্যমে কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ তা কোনোভাবেই গ্রহণ করবে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে আজ এই বার্তাই দিলেন যে, ভারতের নিবর্তনমূলক আচরণে ভীত হয়ে যদি কোনো বাস্তুচ্যুত জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিংবা ভারত অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়, বাংলাদেশ তা মেনে নেবে না। আশা করি, এনআরসি ও সিএএ নিয়ে সোচ্চার ভারতের ক্ষমতসীন দলের জনপ্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট বার্তার অর্থ বুঝতে সক্ষম হবেন।
একেএম শামসুদ্দিন : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা










