সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ দেশ ছেড়েছে। বাংলাদেশ দলের সঙ্গে যাননি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা পাকিস্তান সুপার লিগে খেলছেন। ইতিমধ্যে পিএসএলের লিগ পর্যায়ের খেলা শেষ হয়েছে। কোয়ালিফাইং রাউন্ডে উঠেছে পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস। ২৮ ফেব্রুয়ারি, ১ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ। আর ৫ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।
প্রথম কোয়ালিফাইং ম্যাচে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স। যেখানে একে অপরের মুখোমুখি হবেন সাকিব-তামিম ও মাহমুদউল্লাহ। সাকিব ও তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর মাহমুদউল্লাহ খেলবেন কোয়েটার হয়ে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

তবে এই ম্যাচ থেকে যে দলই ফাইনাল নিশ্চিত করুক, পরের ম্যাচে আর বাংলাদেশি খেলোয়াড়দের পাচ্ছে না তারা। এই ম্যাচ খেলেন যে দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন তামিম, সাকিব ও মাহমুদউল্লাহ। তারা সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
সূত্র: রাইজিংবিডি










