লাইফ স্টাইল

প্রত্যাশিত বেতন পেতে…

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৮৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করুন

যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এর আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু জেনে নিন। সেখানে আপনার বেতন কত হতে পারে, তার ধারণা সহজেই মিলবে। শুধু অনলাইন ঘাঁটলেই হবে না, অন্যান্য পরিচিত অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলাপ করে নিন। এ কাজে সাধারণত কত পারিশ্রমিক দেওয়া হয়, এটা স্থান বা প্রতিষ্ঠান ভেদে পার্থক্য করে কি না, কারা বেশি বেতন দেয় ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে হবে।

প্রতিষ্ঠান কত দিতে চায় বুঝে নিন

ইন্টারভিউয়ের বাছাই প্রক্রিয়ায় টিকে গেলে আপনার সঙ্গে বেতন নিয়ে আলাপচারিতায় বসবে কর্তৃপক্ষ। তবে আলোচনার শুরুটা চাকরি বিষয়েই হওয়া ভালো, সরাসরি বেতন বিষয়ে নয়। আপনার দায়িত্বগুলো আগে বুঝে নিতে হবে। কর্মীর কাছ থেকে প্রতিষ্ঠান কী কী চাইছে, আপনার কার্যক্রম প্রতিষ্ঠানকে কী দেবে, বেতন বৃদ্ধির সুযোগ কতটা বিস্তর ইত্যাদি বোঝার চেষ্টা করুন। যদি এটা প্রথম চাকরি হয়ে থাকে তবে এসব প্রশ্নের উত্তর জানার মাধ্যমে নিজের বেতন সম্পর্কে ধারণা মিলবে। আর আগে চাকরি করে থাকলে তার থেকে অবশ্যই সহনীয় পর্যায়ে বাড়িয়ে বেতন চাইতে হবে।

ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করুন

চাকরির বাজারে বিভিন্ন পেশাদারের বর্তমান মূল্য বলতে একটা কথা আছে। এর সম্পর্কে জানতে হবে। আরো আছে, এই প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করুন। আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও সম্ভাবনাময় অংশটুকুকে কাজে লাগান। নয়া প্রতিষ্ঠানে কত দূর এগোনো সম্ভব হতে পারে তা-ও বুঝতে হবে। সেখানে খুব বেশি সীমাবদ্ধতা থাকলে এগোতে পারবেন না। এই প্রতিষ্ঠানের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তাদের সমস্যা আপনি কিভাবে মেটাতে পারেন, কোন বিষয়ে দক্ষতা থাকা জরুরি, এ পদের জন্যে আপনি কম বা বেশি দক্ষ কি না ইত্যাদি বোঝার চেষ্টা করুন।

প্রস্তাবগুলো বিশ্লেষণ করুন

প্রতিষ্ঠানের ‘জব অফার’ অনেকে শুধু পড়ে যায়। এ নিয়ে গবেষণা করে না। আগের কোনো অভিজ্ঞতা থাকলে তার সঙ্গে নতুনটির সুযোগ-সুবিধা তুলনামূলক বিচার করুন। এতে দেখবেন অনেক ধোঁয়াশাই পরিষ্কার হয়ে গেছে। চাকরির বাজার বুঝতে হবে। জব অফারের বিপরীতে প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া প্রত্যাশা করে, এর অধীনে আপনার জন্য কেমন সুবিধা বরাদ্দ রয়েছে, বছর শেষে বোনাসের কথা আছে কি না, বেতন বৃদ্ধির সময় বিবেচনাধীন কি না ইত্যাদি জানতে হবে।

সংক্ষেপে বুঝে নিন

আপনি যখন জব অফার পাবেন, তখন পরিষ্কার প্রতিক্রিয়া জানান। সেখানে কোনো রাখঢাক রাখবেন না। বেতনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে ভবিষ্যৎ বলতে কিছু আছে কি না বুঝে নিতে হবে। প্রস্তাবগুলো একে একে পর্যবেক্ষণের পাশাপাশি, গোটাটা কী বোঝাতে চাইছে তা নিয়া চিন্তা করুন। অর্থাৎ জব অফারের সারমর্ম বুঝতে হবে। আপনার বর্তমান বাজারমূল্যের সঙ্গে প্রস্তাবনায় ফারাক থাকলে তা নিয়েও কর্তৃপক্ষ আলোচনায় আগ্রহী থাকতে পারে। নিজের বক্তব্য স্পষ্ট ও যৌক্তিক করে উপস্থাপন করুন।

দ্য মিউস অবলম্বনে সাকিব সিকান্দার