একটি দেশের অর্থনৈতিক, অবকাঠামোগত, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ সবরকম উন্নয়ন কর্মকান্ডের সাফল্য নির্ভর করে একটি সুপরিকল্পিত বাজেটের ওপর। সুষ্ঠু বাজেট পরিকল্পনা ও তার বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশ পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে এবং একটি উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্ব দরবারে। আগামী বাজেটে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা মাথায় রেখে পৌনে পাঁচ লাখ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার।
২০১৬-১৭ অর্থবছরে যেখানে দেশের বাজেট ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা তা ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৪ লাখ ২৬৬ কোটি টাকায় এসে পৌঁছে। আর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে আগামী অর্থবছরের জন্য ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকার বাজেটের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
১২ ই মার্চ সোমবার অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনার বক্তব্যে তিনি এই আভাস দেন।

বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী বিস্তারিত না জানালেও এ বাজেটে যে গণমানুষের আশা আকাঙ্খার বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে সরকার তা আঁচ করা যায়। দেশের জনগণ চায় উন্নয়ন নির্ভর ও ব্যবসা-বান্ধব বাজেট। মাথাপিছু ৩০ হাজার টাকা করে হতে পারে এই বাজেটের ব্যয়।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিগত নয় বছরে উন্নয়নমুখী ও বাস্তবায়নযোগ্য বাজেট পেশ করার মাধ্যমে দেশ কে নিয়ে গেছে উন্নতির সোনালী বন্দরে। দেশের জনগণের প্রত্যাশা আগামী বাজেটে পাঁচ কোটি টাকার এই বিশাল বাজেটের মাধ্যমে উন্নতির আরো এক ধাপ সিঁড়ি পেরোবে দেশ।









