পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় ৬৭ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৮৩ হাজার ৮ শত ৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির মাটির পাতিল ও চুলা ধ্বংস করেছে ভ্রাম্যামান আদালত। সেই সাথে ব্যবসায়ী ও তার সহযোগীকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের স্বরুপনগর এলাকার আলিমুদ্দিনের স্ত্রী আকলিমা বেগম (৪৫) ও একই এলাকার বাহার আলীর ছেলে সেলিম (৩০)।
জানা যায়, উপজেলার বেলপুকুর ইউনিয়নের স্বরুপনগর এলাকার আলিমুদ্দিনের বাসার পার্শ্বে বাঁশ ঝাড়ে ও হলুদের জমিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল আলিমুদ্দিনের স্ত্রী আকলিমা বেগম, ছেলে হালি ও সহযোগী সেলিম। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান ও র্যাব মদ তৈরির কারখানায় অভিযান চালান।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চোলাই মদ তৈরি করা অবস্থায় আলীমুজ্জানের স্ত্রী আকলিমা বেগম ও সহযোগী সেলিমকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আলীমুজ্জামান ও তার ছেলে মাদক ব্যবসায়ী হালি পালিয়ে যায়। পড়ে ভ্রাম্যমান আদালতে আসামী আকলিমা বেগম ও সহযোগী সেলিম তাদের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ২২ (গ) ধারায় দুই জনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান।

এ সময় জব্দকৃত ৮৩ হাজার ৮শত ৫০ লিটার চোলাইমদ, মদ তৈরির চুলা ও ১৬১ টি মাটির চাড়ি ধ্বংস করা হয় এবং ৩৮ টি সিলভারের পাতিল জব্দ করা হয়।
স/শ










