পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান করানো হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নান্দিপাড়া গ্রামে যোগদান অনুষ্ঠানের এ ঘটনা ঘটে।
শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আওয়ামীলীগে যোগদান করিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।

স্থানীয় সুত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নৌকা মার্কার প্রচারণার অংশ হিসেবে নান্দিপাড়া গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করে।
সভা শেষে শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা নুর মোহাম্মদ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন দুলালসহ শতাধিক বিএনপির নেতা কর্মীকে ফুুুলের মালা পড়িয়ে আওয়ামীলীগে যোগদান করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার ভোটের প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভায় শতাধিক বিএনপির নেতাকর্মীকে আওয়ামীলীগে যোগদান করানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর প্রামানিক, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক শরিফুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
স/শা










