রাজশাহী

পুঠিয়ায় চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় স্বাচিপ ও বিএমএ’র নিন্দা

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৯২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার হাজেরা নামে চার বছরের এক শিশুকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির জ্বর ও খিচুনি ছিল। রোগীর অবস্থা বেগতিক দেখে ওইদিন বিকালেই কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমান শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে। এরই মধ্যে শিশুটি মারা যাওয়ায় মূহুর্তেই রোগীর ১০-১২ জন আত্মীয় কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে লাঞ্ছিত করে। এসময় জরুরি বিভাগের কক্ষ ভাঙচুর করা হয় ও ডাক্তারের সহকর্মীদেরকেও মারধর করা হয়।

এটিকে নেক্কারজনক ঘটনা উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা ও রাজশাহী মেডিক্যাল কলেজ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ)।

সভাপতি ও সাধারণ সম্পাদকদের পক্ষে রাজশাহী জেলা শাখা স্বাচিপের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ তন্ময় হক, মেডিক্যাল কলেজ শাখা স্বাচিপের দপ্তর সম্পাদক ডা. মো. রকিব আলী এবং জেলা বিএমএ দপ্তর সম্পাদক ডা. মো. মশিউর রহমান এক বিবৃতিতে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘চিকিৎসা নিতে গিয়ে কেউ মারা গেলে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রোগীর স্বজনরা ডাক্তারদের ওপর অতর্কিত হামলা চালায়। যা খুবই দুঃখজনক ও নেক্কারজনক ঘটনা। গত শুক্রবার একইভাবে ডা. জিয়াউর রহমানকে শারিরীকভাবে লাঞ্ছিত করে তার পোশাক ছিড়ে ফেলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ইমার্জেন্সি কক্ষ। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স/শা