বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে পানির নিচে রহস্যজনক এক আলো নিয়ে দেখা দেয় জনমনে নানা প্রশ্ন । এ খবর ছড়িয়ে পড়ায় রাতেই পুকুর পাড়ে ভীড় জমান হাজারো উৎসুক জনতা। তবে চার ঘন্টা রহস্যে থাকার পর মিলেছে উত্তর। পাওয়া গেছে আলোর উৎস।
স্থানীয়রা তাৎক্ষনিক মন্তব্যে বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের আছাদ আলীর পুকুরের পানিতে দেখা গেছে ওই আলো। আর এ আলো নিয়ে সাধারন মানুষের মধ্যে শুরু হয় নানা কৌতুহলের। তারা বলেছেন, কোন ভুত-প্রেত বা কোন মূল্যবান ধাতুর কারনে দেখা গেছে ওই আলো। অনেকে আবার পানির সাথে কোন রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া ঘটায় এমন আলোর দেখা মিলেছে বলে মনে করেছেন। কেউ কেউ এটাকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা বলতেও দ্বিধা করেননি। আবার কেউ কেউ এটিকে সিনেমার গল্পের নাগমণির আলোর সাথেও তুলনা করেছেন।


রাত ৮ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে হাজার হাজার কৌতুহলী জনতা ভীড় করেছেন। পাড়ের নিকটেই পানির নীচে আলোর আভা দেখতে পাওয়া যায়। প্রায় দেড় ফুট ব্যাসার্ধের বৃত্তাকার ওই আলোটি পানির তলদেশ থেকে আভা ছড়াচ্ছিলো। এরপর একে একে আসতে থাকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহনে মানুষ। পুরুষদের পাশাপাশি নারীরাও দেখতে আসেন আলো।
রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছেন।
এদিকে গনমাধ্যম কর্মীরাও ততক্ষণে সেখানে ভীড় জমিয়ে ফেলেন। এরপরই ওসি মনিরুল ইসলাম পানিতে নামান স্থানীয় কয়েকজনকে। চার ঘন্টা আঁধারে থাকার পর অবশেষে রহস্যে জট খুলে তুলে আনেন এক টর্চ। পানির নিচে পড়ে থাকা মোবাইল ব্যাটারীতে বানানো এক ধরনের টর্চই ছিলো ওই আলোর রহস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম টর্চ উদ্ধারের বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন।
স/শ










