
সিল্কসিটি নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীতে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় ট্রাকটি জব্দ করাসহ চালক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (০৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পরশুরাম থানা এলাকার নিয়ামত কদমতলা গঙ্গাচড়া-রংপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় পাথরবোঝাই একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকাসহ ট্রাক চালককে আটক করা হয়।
আটক ফারুক হোসেন (৩২) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গনেসাম গ্রামে মৃত আমিনুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ট্রাক চালক পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে ওই ট্রাক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। সূত্র: কালের কণ্ঠ









