সিল্কসিটিনিউজ ডেস্ক:
মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বৈঠকের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে আজ সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সভায় জনভোগান্তি নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আবু নাসের জানান, সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, ধর্মঘটের বিষয়ে মালিক-শ্রমিক নেতারা বসবেন।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তাঁরা।
ধর্মঘটে গতকাল রাতে গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আজ সকালেও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এদিকে ধর্মঘটের কারনে চরম ভোগান্তিতে পড়ে রাজশাহীবাসি। যান চলাচল বন্ধ থাকায় এবং দূরপাল্লার কোন যান চলাচল না করায় পদে পদে ভোগান্তিতে পড়েন পথচারীরা। চলাচল করতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বাস। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম।
রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাছরাঙার টিভির ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর নগরীতে যান চলাচল স্বাভাবিক হয়। দুর পাল্লার বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
স/শ









