সিল্কসিটিনিউজ ডেস্ক :
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রবিবার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮), হাতিয়া পৌরসভার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়।
এ সময় মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আবুল কালাম ও মোহাম্মদ উদ্দিন আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় আরো একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তিনটি অটোরিকশার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তাররা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









