সদ্য প্রকাশিত
মতামত

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকি

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২২৫ মিনিট পড়া
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এক প্রতিবেদনে বলেছে, বৈশ্বিক মূল্যস্ফীতি গরিব মানুষকে বেশ চাপে ফেলে দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানুষের জীবনে নেমে আসতে পারে অনাহার ও পুষ্টিহীনতা। ফলে নানা রকম জটিল ব্যাধির প্রকোপ বাড়তে পারে। এ আশঙ্কা থেকে উত্তরণের জন্য নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণ করাই রাষ্ট্রের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণ যেমন কঠিন হয়েছে, তেমনি প্রতি বেলায় পেট ভরে ভাত খাওয়াও অনেকে কমিয়ে দিয়েছে। অনেকে ভর্তা ভাত দিয়েই দৈনন্দিন খাদ্য চাহিদা মিটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের পাঁচটি প্রতিষ্ঠান—খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (ইফাদ), ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি’ শীর্ষক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার কিনে খাওয়ার সামর্থ্য নেই। দেশের মোট জনসংখ্যার ৩২ শতাংশ মানুষ মাঝারি থেকে গুরুতর খাদ্য অনিশ্চয়তায় রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ১০ শতাংশ শিশু কৃশকায়। অর্থাৎ এরা তীব্র অপুষ্টির শিকার। পাশাপাশি একই বয়সী ৩০ শতাংশ শিশু খর্বকায় অর্থাৎ বয়সের তুলনায় এদের উচ্চতা কম। অন্যদিকে ২ শতাংশের বেশি শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। দীর্ঘস্থায়ী অপুষ্টির পরিণতি হচ্ছে বয়সের তুলনায় কম উচ্চতা। প্রতিবেদনে নারীদের পুষ্টি পরিস্থিতির অবনতির কথাও বলা হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এ পরিস্থিতিকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে বলে পুষ্টিবিদরা মনে করছেন।

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের দৈনন্দিন সুষম খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। কারণ দাম বাড়লেও দিনমজুর, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আয় আগের মতোই আছে। ফলে তাদের জীবনমানের পরিবর্তন ঘটেছে, সঙ্গে পরিবর্তন ঘটেছে খাবারেও। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অনেক পরিবার তাদের দৈনন্দিন খাবারের চাহিদা আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছে। অনেক পরিবারে মাছ কিংবা মাংসের জোগান কমে গেছে। ডিম ও দুধের মূল্য বৃদ্ধি পাওয়ায় এগুলোও অনেকের নাগালের বাইরে চলে গেছে। আগে গরিবের আমিষ বলে পরিচিত একটি ডিম খেলে এখন খেতে হচ্ছে অর্ধেক; যার ফলে খাদ্যপুষ্টিতে বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদা তাঁর দৈনিক পরিশ্রম ও দেহের ওজনের ওপর নির্ভর করে। প্রতিদিনের খাদ্যতালিকায় ছয়টি গ্রুপের (শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ, পানি ও চর্বি) খাবার পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন।

জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অনুযায়ী দৈনিক গড়ে একজন পূর্ণবয়স্ক পুরুষের দুই হাজার ২০০ কিলোক্যালরি এবং একজন পূর্ণবয়স্ক মহিলার এক হাজার ৭০০ কিলোক্যালরি শক্তি প্রয়োজন। এই ক্যালরি পূরণের জন্য ৬০ থেকে ৭০ শতাংশ বিভিন্ন প্রকার শর্করা, ২৫ থেকে ৩০ শতাংশ স্নেহ পদার্থ  এবং ১৫ থেকে ২০ শতাংশ আমিষ গ্রহণ করা উচিত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২৭০ থেকে ৪৫০ গ্রাম চাল, আটা, ভুট্টা গ্রহণ করা উচিত। এর সঙ্গে ৩০০ থেকে ৬০০ গ্রাম শাক-সবজি এবং ১৫০ থেকে ৩৫০ গ্রাম মাছ, মাংস, ডিম খেতে হবে। এ ছাড়া প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিলিগ্রাম তেল ও চর্বি এবং ৩০ থেকে ৬০ গ্রাম ডালজাতীয় খাদ্য, দুধ ও দুধজাতীয় খাবার দৈনিক ১৫০ থেকে ৪৫০ মিলিগ্রাম, ফলমূল ১০০ থেকে ২০০ গ্রাম এবং চিনি ১৫ থেকে ২৫ গ্রাম থাকতে হবে। দৈনিক সুষম খাদ্যের পরিমাণের ঘাটতি হলে মানুষের দেহে অপুষ্টির প্রভাব পরিলক্ষিত হয় এবং অপুষ্টিজনিত বিভিন্ন রোগব্যাধির সমস্যায় পড়তে হয়। পুষ্টিহীনতার কারণে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, এমনকি পুষ্টির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অনেকে অল্পতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। শারীরিক কর্মদক্ষতা কমে গিয়ে মানুষের কর্মবিমুখ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাড়ন্ত শিশুদের শারীরিক বৃদ্ধি, হাড়ের গঠন ও মস্তিষ্কের বিকাশ লোপ পায়। সর্বোপরি দেশে পুষ্টিহীন অসুস্থ জনসংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে বাইরে থেকে এই আশঙ্কা তাৎক্ষণিক বোঝার কোনো উপায় নেই। একটা নির্দিষ্ট সময় পর, হতে পারে কয়েক বছর বা যুগের ব্যাপ্তিকালে পুষ্টিহীনতার প্রভাব পড়তে পারে। তবে একবার এই সমস্যায় পড়লে সে জায়গা থেকে বের হয়ে আসা খুবই কঠিন। তাই খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রেখে সুষম খাদ্যের সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের জনগণকে কর্মশীল, উদ্যমী, পরিশ্রমী ও মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার জন্য দেশের সব প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। আর এই ভোগান্তিতে আরো নতুন মাত্রা যোগ হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে আবাসিক হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীরা। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় আবাসিক হল বা মেসের ক্যান্টিন মালিকরা শিক্ষার্থীদের নিত্যদিনকার খাবার যে দামে সরবরাহ করতে পারতেন, তা জোগাড় করতে তাঁদের এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিনকার সুষম খাদ্য সরবরাহ করতে তাঁদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধির কারণে তারা আগের মতো আর খেতে পারছে না। কারণ তাদের বাজেট থাকে একটা নির্দিষ্ট পরিমাণ। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগের মতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে না পারায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সমস্যার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে। আর এমন হওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া মেস ভাড়া, যাতায়াত ভাড়া, টিউশন ফি, কোচিং ফি, শিক্ষাসামগ্রীর মূল্যবৃদ্ধি শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধা বিকাশ, শারীরিক গঠন ও দৈনন্দিন কাজে ব্যাপক প্রভাব ফেলছে। করোনার সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এমনিতেই শিক্ষার্থীদের মানসিক অবস্থার ওপর অনেক বিরূপ প্রভাব পড়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের অপুষ্টিজনিত সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি কাটিয়ে উঠতে হলে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন—১. ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে অধিকসংখ্যক খাদ্যপণ্য সরবরাহ করা; ২. ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে বাজার তদারকি করা; ৩. অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর দেওয়া; ৪. সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরো বেশি কার্যকর করে তোলা; ৫. জরুরি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা এবং ৬. জনগণকে সব ক্ষেত্রে সচেতন ও সাশ্রয়ী হতে অনুপ্রাণিত করা।

ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দ্রব্যমূল্যের এই বিভীষিকাময় পরিস্থিতিতে দেশের প্রত্যেক নাগরিকের প্রতি যত্নশীল হওয়া একান্ত জরুরি।

লেখক : অধ্যাপক, ফার্মেসি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

সূত্রঃ কালের কণ্ঠ