সিল্কসিটিনিউজ ডেস্ক :
চার দশক ধরে নিজের বাড়িতে বসবাস করছেন বাহাদুর রবিদাস। হঠাৎ তাদের বাড়ির একটি অংশ দখল করে চারদিকে বেড়া দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ২২ দিন ধরে নিজের বাড়িতেই স্ত্রী ও দুই স্কুলপড়ুয়া সন্তান নিয়ে বন্দি তিনি।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামে।

এ ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে। দীর্ঘদিনের বসতভিটা হারানোর শঙ্কায় দিশাহারা তারা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী মৃত আব্দুস সাত্তারের ছেলে জবরুল হক, জসিম উদ্দিন ও শহিদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জোর করে তাদের (বাহাদুর রবিদাস) জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি।
ভুক্তভোগী পরিবার জানায়, গত ৯ এপ্রিল তাদের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেন অভিযুক্তরা। এরপর ১৪ এপ্রিল তাদের (বাহাদুর রবিদাস) বসতবাড়ির ভেতর ঢুকে ভাঙচুর চালান তারা। আঙিনার মাটি খুঁড়ে শাক-সবজির বীজ রোপণ করে নিজেদের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করেন অভিযুক্তরা।
লাল বাহাদুর রবিদাসের স্ত্রী আরতি রানী বলেন, ‘বাড়ির চারদিকে এমনভাবে বাঁশের বেড়া দিয়েছে যে, আমরা প্রায় বন্দি হয়ে গেছি।
আমার শাশুড়ির কবর, টিউবওয়েল, বাথরুম ও রান্নাঘর—সবই বেড়া দিয়ে অভিযুক্তরা দখল করেছে। ঠিকমতো কোনো কাজই করতে পারছি না। কী কষ্টে দিন পার করছি, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।’
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন ও দুলু মিয়া বলেন, ভুক্তভোগী পরিবার যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, সে বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে প্রতিপক্ষ জবরুল হক বলেন, ‘আমাদের জমিতে আমরা বেড়া দিয়ে ঘিরে রেখেছি।
এখানে আমাদের করার কী আছে। তার পরও প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিলে আমরা সমঝোতা করতে রাজি আছি।’
স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশি বৈঠক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার জানান, তিনি মৌখিকভাবে বিষয়টি জেনেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।









