সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ ফতুল্লায় জজ কোর্টসংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেট কারসহ আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে নিজের ব্যবহৃত টয়োটা এক্স করোলা (ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) রেখে নাশতা করতে যান মোহাম্মদ আরিফ। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা করেন। পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার (২৬ জুন) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬) নামে আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা আন্ত জেলা গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা ছাড়াও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেট কার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান চালিয়ে আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।









