সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সরকারি হাসপাতালে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাহসিন কবির গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একটি অভিযান রয়েছে, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা। তার অংশ হিসেবে আজকে আমরা নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই অভিযান পরিচালনা করি।
তিনি আরো বলেন, আজকের অভিযানে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুষদের ৭ দিন করে এবং নারীদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।










