সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নরসিংদীতে ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
নরসিংদীতে ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেপ্তার ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে ট্রাকচালকের মাথায় বিদেশি পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান আশিক।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় ট্রাকচালককে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মাধবদী থানার পাঁচভাগ শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।

পুলিশ জানায়, তিন ছিনতাইকারী ট্রাকচালকের গতিরোধ করে। এ সময় তাঁরা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে চালকের কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশে মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ৭.৬২ মিমি ব্যাসের তিন রাউন্ড তাজা গুলি এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ দুই টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারী দলের অপর সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।