সিল্কসিটিনিউজ ডেস্ক:
নড়াইলে দুর্বৃত্তের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব মো. শাহিন (৪৩) নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র।

ষড়যন্ত্রকারীরা দেশে অচলাবস্থা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলাধীন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব মো. শাহিনের ওপর দুষ্কৃতকারীরা নিষ্ঠুর হামলা চালিয়ে তাকে পৈশাচিকভাবে হত্যা করেছে।
রিজভী বলেন, এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে না পারলে ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির সম্মুখীন হবে। ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে এগিয়ে আসতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোক বিবৃতিতে মো. শাহিনকে হত্যাকারী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। একইসঙ্গে তিনি নিহতের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
কৃষক দলের নিন্দা ও প্রতিবাদ
এদিকে, শাহিনের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বিবৃতিতে তারা শাহিনকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










