
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় চার বছরের কন্যা শিশুকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নওগাঁ সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজার থেকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম রায়হান হোসেন (৩৪)। তিনি সদর উপজেলার রজাকপুর মধ্যপাড়ার মোখলেছুর রহমানের ছেলে। ধর্ষণের শিকার শিশুটির বাবার বন্ধু রায়হান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই শিশুটিকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসার কথা বলে কৌশলে সকাল ১০টায় রায়হান হোসেন তার নিজ বাড়ি রজাকপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পরে সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে তার বাড়ি পৌঁছে দেন। মেয়েটি বাড়িতে এসে বাবা-মা কে ধর্ষণের বর্ণনা জানালে মেয়েটির বাবা তার বন্ধুকে কৌশলে মুঠোফোনে মাদারমোল্লা বাজারে ডেকে নিয়ে বাজারের উপস্থিত লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রামবাসী অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে রাখেন। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওসি জানান, ওই শিশুর বাবা বাদি হয়ে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জি/আর









