সিল্কসিটিনিউজ ডেস্ক: গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে বছরখানেক আগে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ওই ছাত্রীর মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলাও করেন। তবে এখনো পুলিশ জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা করায় উল্টো আতঙ্কে আছে কিশোরীসহ তার পরিবার। গত ১৭ মে ঢাকার শ্যামপুরে চাচাতো ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে ধর্ষণ করে চার বখাটে।
ওই কিশোরী এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুরে আট বছরের কন্যা আয়েশা আক্তারের ওপর যৌন নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে পুুলিশ পর্যন্ত সবার কাছেই ধরনা দিয়েছেন হযরত আলী। থানায় অভিযোগও করেছিলেন। কিন্তু পুলিশ তা আমলেই নেয়নি। বাবা হিসেবে এই অসহায়ত্ব সহ্য করতে না পারায় অভিমানে গত ২৯ এপ্রিল মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন হযরত আলী। কিন্তু আয়েশাকে নির্যাতনে জড়িতদের কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
গত ২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিদগ্ধ হয়ে হালিমা আক্তার নামের এক নারী কনস্টেবল মারা গেছেন। গৌরীপুর থানা পুলিশের ব্যারাকেই অগ্নিদগ্ধ হন তিনি। পরে তাঁর বাবা দাবি করেন, হালিমা একটি চিরকুটে তাঁর সহকর্মী এক এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে গেছেন। ওসিকে জানালেও তিনি এ ঘটনায় অভিযোগ নেননি। এমনকি বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সারা দেশে তোলপাড়ের মধ্যেও ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান বলছে, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ঘটনার পর অনেক ভুক্তভোগী লোকলজ্জায় কিংবা হুমকির মুখে মামলা করার সাহস পায় না। আবার ধর্ষকরা প্রভাবশালী হলে অনেক ক্ষেত্রে মামলা নিতেও গড়িমসি করে পুলিশ। মামলা হলেও সব সময় আসামি ধরা পড়ে না। তদন্তে গাফিলতির অভিযোগও রয়েছে। বিচার ঝুলে থাকে বছরের পর বছর।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ মাসে ঢাকাসহ সারা দেশে আট হাজার ৪৬৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৫ সালে তিন হাজার ৯৩০টি, ২০১৬ সালে তিন হাজার ৭২৮টি এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮০৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় ৭১টি, চট্টগ্রাম মহানগরে ২৬টি, খুলনা মহানগরে আটটি, রাজশাহী মহানগরে দুটি, বরিশাল মহানগরে ৯টি, সিলেট মহানগরে তিনটি, পুলিশের ঢাকা রেঞ্জে ১৫১টি, ময়মনসিংহ রেঞ্জে ৭২টি, চট্টগ্রাম রেঞ্জে ৮৭টি, সিলেট রেঞ্জে ৩৫টি, খুলনা রেঞ্জে ৬৬টি, বরিশাল রেঞ্জে ৭৪টি, রাজশাহী রেঞ্জে ৮১টি এবং রংপুর রেঞ্জে ১২০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময় ময়মনসিংহ জেলায় ৪৭টি, বরগুনায় ৩০টি, সিরাজগঞ্জে ২৬টি, গাইবান্ধায় ২৬টি, গাজীপুরে ২৫টি, রংপুরে ২১টি এবং নীলফামারী জেলায় ২১টি ধর্ষণের মামলা হয়েছে। আর কেবল এপ্রিলে খুলনায় ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ২০১৫ সালে ৪৬৯ জন, ২০১৬ সালে ৫১৩ জন এবং এ বছরের এপ্রিল পর্যন্ত ১৬৩ জন চিকিৎসা নিয়েছে। এসব ঘটনায় থানায় মামলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি।
ওই পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের লক্ষাধিক মামলা ঝুলে আছে। বিচার চলছে ঢিমেতালে। বছরে নিষ্পত্তি হচ্ছে মাত্র ৩.৬৬ শতাংশ মামলা। আর এসব মামলায় সাজার হার এক শতাংশেরও কম।
অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রতা, পুলিশের অসহযোগিতা ও প্রভাবশালীদের বেপরোয়া আচরণের কারণে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বাড়ছে। অভিযোগ রয়েছে, মামলা করতে গেলে পুলিশ ভুক্তভোগীদের হয়রানি করছে। ঘটনার পর প্রভাবশালীরা পুলিশকে হাত করে ফেলছে। কেবল কিছু ঘটনায় বেশি তোলপাড় হলেই পুলিশের টনক নড়ে।
পুলিশ সূত্র জানায়, গত ২ মার্চ বনানী থানায় জিডি করেন এক নারী। জিডির একদিন পরই ওই নারী গণধর্ষণের শিকার হন। ঘটনার পর থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। মামলা হলেও ধর্ষকদের ধরতে পারেনি পুলিশ। ওই নারীর অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকরা পুলিশকে দুই লাখ টাকা দিয়েছে। সপ্তাহখানেক আগে ঢাকার খিলগাঁও ত্রিমোহনী এলাকায় ধর্ষণের শিকার এক কিশোরী থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে বের করে দেয়। পরে অবশ্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে মামলা নিয়েছে পুলিশ।
বিশিষ্ট আইনবিদ ড. শাহদীন মালিক বলেন, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও ধর্ষণের ঘটনার পর বেশির ভাগ ভুক্তভোগীই পুলিশের শরণাপন্ন হয় না। ফলে কতজন ধর্ষণের শিকার হচ্ছে তা পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। পুলিশের তালিকাভুক্ত মামলার সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার আরেকটি কারণ বিচার না হওয়া। দুই থেকে তিন শতাংশের বেশি শাস্তি হচ্ছে না। শাস্তি না হওয়ার অন্যতম কারণ আইন ও বিচার ব্যবস্থার ব্যর্থতা।
এ ব্যর্থতা দূর করারও তেমন কোনো উদ্যোগ নেই। মাঝেমধ্যে আলোচনা হয়। অন্যান্য দেশে ধর্ষণের মামলায় বিচার বাড়াতে বিশেষ কমিশন নিয়োগ করা হয়। বাংলাদেশে তা নেই। উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হলে ধর্ষণের মতো ঘটনা কমে আসবেই। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীরা থানায় গেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
ফরেনসিক চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের ৪৮ ঘণ্টার মধ্যে ফরেনসিক পরীক্ষা করলে ধর্ষণের শারীরিক প্রমাণ পাওয়া সহজ। দেরি হলে আলামত নষ্ট হয়ে যায়। এ দেশে ভিকটিমদের পরীক্ষার জন্য পাঠানোই হয় ঘটনার ১০-১২ দিন পর। ফলে শুরুতেই ধর্ষকের ছাড়া পাওয়ার সুবিধা তৈরি হয়ে যায়।
তবে দেরি হওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঘটনার পর প্রভাবশালীরা সালিসসহ নানা বাহানায় সময় পার করে। তারপর থানায় গেলে মামলা নিতে দেরি করে পুলিশ। ফলে শেষ পর্যন্ত ধর্ষণ প্রমাণ কঠিন হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারী ও শিশুরা তুলনামূলক বেশি ধর্ষণের শিকার হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে তারা ধর্ষণের ঘটনা প্রকাশ করছে না। ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলেই কেবল তা প্রকাশ পাচ্ছে। কেউ সাহস করে মামলা করলেও নানাভাবে তাকে হুমকি দেওয়া হয়। আসামিরা প্রভাবশালী হলে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীকে আপস করতে বাধ্য করে। মামলা হলেও দিনের পর দিন চলে তদন্ত। কিছু মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও বিচারপ্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে আসামিরা।
সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের মধ্যে বিকৃতিও আগের চেয়ে বেড়েছে। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটছে। ধর্ষণের ভিডিও ধারণ করা হচ্ছে। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে নাজেহাল করা হচ্ছে। অনেক সময় এসব ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেওয়া হয়। সম্প্রতি সিলেটের জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় নিমার রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মোবাইল ফোনে ধর্ষণের ২৫টি ভিডিওচিত্র পাওয়া গেছে। এসব ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে সে ওই মা-মেয়েকে ধর্ষণ করেছে।
তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সম্প্রতি বলেন, ধর্ষণ করে কেউ রেহাই পাবে না। বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রভাবশালী বা তাদের সন্তানদের বিরুদ্ধে অভিযোগ এলেও রেহাই দেওয়া হচ্ছে না। আইন সবার জন্য সমান। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলে তাত্ক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ধর্ষকদের রেহাই নেই। কেউ নির্যাতন বা হয়রানির শিকার হলে সরাসরি পুলিশের আশ্রয় নিন। পুলিশ সহায়তা না করলে অভিযোগ করুন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। যেসব ধর্ষণ মামলা রয়েছে সেগুলো দ্রুত তদন্ত করে অভিযোগপত্র দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অপরাধ বিশ্লেষক ড. আ. হাকিম সরকার বলেন, সমাজে পারস্পরিক বন্ধনে দারুণ ঘাটতি শুরু হয়েছে। বিশেষ করে শহরে তা চরম আকার ধারণ করেছে। ছেলেমেয়েরা কী করছে, কোথায় যাচ্ছে, অভিভাবকরা খবর রাখেন না। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ অভিভাবক ও শিক্ষকরা ছেলেমেয়েদের প্রতি খেয়াল রাখছেন না। সন্তানরা ঘরবন্দি হয়ে অনলাইন বা টেলিভিশন দেখে সময় পার করছে। তাদের বয়ঃসন্ধিকালের পরিবর্তন, তাদের পরিবর্তিত মানসিকতাটুকু আমরা বুঝছি না। তাই সন্তানরা কোথায় যায়, কী করে সেদিকে খেয়াল রাখতে হবে। অভিভাবক, সমাজ ও স্কুল-কলেজের শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। সন্তানদের বোঝাতে হবে তাদের জন্য কোনটি ভালো, কোনটি খারাপ। আমাদের মধ্যে সচেতনতা এলেই ধর্ষণের মতো ঘটনা কমে আসবে। সূত্র: কালের কণ্ঠ










