সিল্কসিটিনিউজ ডেস্ক :
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টির জনপ্রিয়তা এখন দুনিয়াজুড়ে। সবার পরে মাঠে এসে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটকে জনপ্রিয়তার দৌড়ে পেছনে ফেলে তরতর করে এগিয়ে চলেছে। মানুষ ক্রিকেট থেকে যে বিনোদনের স্বাদ পেতে চায়, টি-টোয়েন্টি সেই চাহিদা পূরণ করতে পারছে। শুধু তা-ই নয়, ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের প্রভাব এখন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে ভীষণভাবে ভর করেছে।
টি-টোয়েন্টি সংস্করণ পাল্টে দিয়েছে ক্রিকেট নামক খেলার দর্শন এবং মূল্যবোধ। পাল্টে দিয়েছে ক্রিকেট উৎসবের আনন্দ এবং তার রং।

দেশে দেশে এখন টি-টোয়েন্টি র্ফ্যাঞ্চাইজি লীগ এবং টুর্নামেন্টের আলাদা আবেদন, কদর ও ভালোবাসা। এই সংস্করণ প্রতিটি দেশের ক্রিকেটের মানোন্নয়ন এবং অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।
ভারতে র্ফ্যাঞ্চাইজি লীগ তার প্রমাণ। ক্রিকেটকে নতুন করে চাঙ্গা করার পাশাপাশি নিয়মিতভাবে ভালো খেলোয়াড় সৃষ্টিতে ধারাবাহিকতার সঙ্গে অবদান রেখে চলেছে।
দেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখুক বিপিএলটি-টোয়েন্টি সংস্করণ ক্রিকেট বিশ্বে নতুন একটি সমৃদ্ধিশালী কার্যকর ‘প্ল্যাটফরমের’ জন্ম দিয়েছে। এখানে সব ক্ষেত্রে ‘উইন উইন সিচুয়েশন’।
খেলোয়াড় থেকে শুরু করে সব ‘স্টেকহোল্ডার’ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। তাই সব ক্ষেত্রে স্লোগান—জয়তু টি-টোয়েন্টি।
আজ ৩০ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুরে বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে। এক মাসের বেশি সময় ধরে এই ক্রিকেট নিয়ে দেশের বড় একটি জনগোষ্ঠী মেতে থাকবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতটি দল নিয়ে এই র্ফ্যাঞ্চাইজি লীগ (ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস ও সিলেট স্ট্রাইকার্স)।
৩০ ডিসেম্বর মিরপুরে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালের মধ্যে প্রথম উদ্বোধনী ম্যাচ। এবার ভেন্যু তিনটি—ঢাকা, সিলেট ও চট্টগ্রাম।
টি-টোয়েন্টি যৌবন এবং তারুণ্যের উৎসব। এখানে শিল্পচর্চা, বুদ্ধি ও মানবিক সৌন্দর্য এবং দক্ষতার পাশাপাশি আছে দেহের সামর্থ্যের বন্দনা। নিজের সামর্থ্য আর সহজাত প্রতিভার ওপর বিশ্বাস রাখার প্রদর্শনী। এই ক্রিকেটে তারুণ্য তার নিজের শক্তিতে জ্বলে ওঠে। প্রতিবারই মানসিকতা ও দক্ষতার জায়গায় উন্নতির দৃঢ় সংকল্প। খেলাটি রপ্ত করে ভালোবেসে খেললে এগিয়ে যাওয়া সম্ভব! টি-টোয়েন্টিতে চাপ থাকবেই, চাপ সামাল দিয়েই খেলতে হবে—আর ক্রিকেট শাস্ত্র এটিই বলে। টি-টোয়েন্টি কোনো হুজুগের খেলা নয়।
এই খেলার সৌন্দর্য হলো—যেকোনো দল যেকোনো দলকে মাঠের লড়াইয়ে হারাতে পারে। এমনকি একজন খেলোয়াড় একটি দলকে এককভাবে পারে বিজয়ের স্বাদ উপহার দিতে। টি-টোয়েন্টি সংস্করণ (২০ ওভারের খেলা) নিয়ে সব সময় পণ্ডিতরা চিন্তা-ভাবনা এবং গবেষণা করছেন। পরিকল্পনার ফ্রেমের বাইরে যাওয়ার একদম সুযোগ নেই। ওপেনিং জুটি কিভাবে ব্যাট করবে, এর পরের খেলোয়াড়রা কিভাবে খেলবেন—সব কিছু নির্ধারণ করা আছে। যারা ‘মিডিল অর্ডার’, ‘স্লগে’ ব্যাটিং করবেন, তাদের মূল কাজই হচ্ছে রানের চাকা সামনের দিকে নিয়ে যাওয়া। একেকটি পজিশনের ভূমিকা একেক রকম থাকে। সেই অনুযায়ী মাঠে ‘অ্যাক্ট’ করতে হয়। তখনই খেলা দেখতে ভালো লাগে, যখন পরিকল্পনা মাঠে বাস্তবায়নের জন্য খেলা হয়। খেলোয়াড়দের মধ্যে ‘মেন্টাল টাফনেস’ লক্ষণীয় হয়।
২০১২ সালে প্রথমবার বিপিএল অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার থেকেই খেলা মাঠে গড়ানোর আগে বিদেশি এবং দেশি শিল্পীদের সমন্বয়ে ‘কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে। এটি র্ফ্যাঞ্চাইজি লীগে বাড়তি উদ্দীপনা সৃষ্টির চেষ্টা এবং পাশাপাশি তরুণ ও যুব সমাজকে আনন্দ দেওয়া। এবারই প্রথম কনসার্টে অংশ নিয়েছেন উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয়, পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী। এর আগেও আমরা বলেছি, বিপিএলের আয়োজনের পেছনে নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য আছে—বিপিএলের ভেন্যু যখন বাড়বে, তখন অনেক বেশি মানুষ আকৃষ্ট হবে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর র্ফ্যাঞ্চাইজি দল। এর মধ্যে দু-একটি জায়গায় যদি ভেন্যু দেওয়া সম্ভব হতো, তাহলে অবশ্যই অঞ্চল ভিত্তিতে মানুষের উৎসাহ বাড়ত। অনেক বেশি মানুষ খেলা দেখবে। জানি, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে। সমস্যা আছে বলে বসে থাকলে তো চলবে না, সমস্যা জিইয়ে রাখা তো সমাধান নয়। বিপিএল নিয়ে আত্মবিশ্লেষণ খুবই জরুরি। সময় দ্রুত চলে যাচ্ছে। এখন পর্যন্ত একটি সুস্থ এবং সচেতন সংস্কৃতির জন্ম হয়নি। বাংলাদেশে র্ফ্যাঞ্চাইজিরা যেভাবে দল গঠন করে মাঠে নামায়, অন্য কোনো র্ফ্যাঞ্চাইজি লীগে এভাবে হয় না। বাংলাদেশে র্ফ্যাঞ্চাইজিরা দল গঠন করে তাদের নিজস্ব দৃষ্টিকোণ, তাদের ব্যক্তি পরিচিতি লাভের কথা ভেবে। বারবার র্ফ্যাঞ্চাইজি বদল হচ্ছে বিভিন্ন কারণে। এর মধ্যে বড় কারণ হলো আর্থিক ক্ষেত্রে টানাপড়েন! এবার সাতটি দলের মধ্যে একমাত্র রংপুর রাইডার্সের পেছনে আছে বড় করপোরেট গ্রুপ—বসুন্ধরা। আর অন্য দলগুলোর অবস্থা তো সচেতন মহলের অজানা নয়। ব্যাংক গ্যারান্টি কমিয়ে দেওয়া হয়েছে (বোর্ডের এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত জানি না)। যখন এই কলাম লিখছি, ব্যাংক গ্যারান্টি দেওয়ার ব্যাপারে র্ফ্যাঞ্চাইজি দু-তিন বাদ দিয়ে অন্যদের টালবাহানা চলছে। এবার যেসব র্ফ্যাঞ্চাইজি নেই, তাদের খেলোয়াড়দের বেশ কয়েকজনের অর্থ পরিশোধ করেছে বিসিবি।
র্ফ্যাঞ্চাইজি দেশের ক্রিকেটকে কেন পণ্য হিসেবে তুলে ধরতে পারছে না? তারা ১৮ কোটি মানুষের দেশের বাজারকে কি বুঝতে পারছে না। দেশের বাজার কি খুব ছোট? বাণিজ্যিক স্পন্সররা কেন এগিয়ে আসে না র্ফ্যাঞ্চাইজিদের ডাকে! তারা তো ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি ‘ফিডব্যাক’ পেতে পারে। তাদের র্ব্যান্ড এবং পণ্যকে পরিচিত করতে পারে! সমস্যা হলো, পেশাদারি ব্যবস্থাপনায় দুর্বলতা। পেশাদারি মানসিকতা নিয়ে ক্রিকেট উন্নয়ন এবং ব্যবসায় এগিয়ে আসতে হবে। কয়েক বছর ধরে র্ফ্যাঞ্চাইজি ছিলেন, ভালো দল গঠন করেও কেন বারবারই শেষ পর্যন্ত ‘ব্রেক ইভেন্টের’ কাছে পৌঁছতে পারেননি—এমন এক পরিচিত র্ফ্যাঞ্চাইজির বক্তব্য হলো, ‘নিজের অর্থ ব্যয় করে ক্রিকেটকে ভালোবেসে, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করেছি অনেক বছর, আর সম্ভব নয়। টি-টোয়েন্টি ক্রিকেটের সংস্কৃতির ধারেকাছেও আমরা নেই!’ তার মানে কি এই যে বিপিএল এখনো সেভাবে আস্থার সৃষ্টি করতে পারেনি?
প্রতিবেশী দেশ ভারতের কথা না-ই বা উল্লেখ করলাম। শ্রীলঙ্কা ও পাকিস্তানের র্ফ্যাঞ্চাইজি লীগ অনেক বেশি গোছানো এবং পেশাদারিতে মোড়ানো। আমরা সেখানে কোথায় আছি? সচেতনতা কোথায়?
আসন্ন টি-টোয়েন্টি উৎসব ক্রিকেট আমুদে মানুষ মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে মিস করবে। রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় এবং দলীয় রাজনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকায় এই দুজন মাঠে নামতে পারবেন না। দুজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ দল সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ১-১ টেস্ট সিরিজ ড্র করেছে। এরপর বাংলাদেশের শক্তির জায়গা ওয়ানডে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছে। বাংলাদেশ দল টি-টোয়েন্টি ভালো খেলতে পারে না। এই ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের অনেক দুর্বলতা আছে। এখনো অভ্যস্ত হওয়ার জন্য দলকে নিয়ে রিলিজিয়াসলি কাজ করার দরকার আছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করেছে টি-টোয়েন্টিতে। বোলিং এবং ব্যাটিংয়ে সমানভাবে পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে এটি সম্ভব হয়েছে। এটি বড় একটি ‘বুস্টআপ’ দেশের টি-টোয়েন্টি সংস্করণে। পাশাপাশি সম্ভাবনার ইঙ্গিতও। সবাই মিলে চেষ্টা করলে, তারুণ্যের শক্তি নিয়ে কাজ করলে অনেক কিছুই সম্ভব। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও অনেক দুর্বলতা আছে। সেগুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করতে হবে।
সম্প্রতি আটটি দলকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। স্থানীয় খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট আয়োজন আগের বোর্ডের সিদ্ধান্ত ছিল। সেটি এখনকার বোর্ড বাস্তবে বাস্তবায়িত করেছে। স্থানীয় খেলোয়াড়দের জন্য এই আয়োজন অর্থবহ এবং ফলদায়ক হয়েছে। টি-টোয়েন্টি খেলায় সুযোগ পান কয়জন খেলোয়াড়? এই লীগের বদৌলতে অনেকেই এবার খেলার সুযোগ পেয়েছেন। তারা খেলাটা বোঝার চেষ্টা করেছেন, শেখার চেষ্টা করেছেন। জাতীয় দলের কিছু খেলোয়াড় সময় না দিতে পারায় অন্যরা এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ। ফাইনাল ‘লো স্কোরিং’ ম্যাচ হয়েছে। রংপুর ঢাকা মেট্রোকে পরাজিত করে শিরোপা জিতেছে। সিলেটের উইকেটে ১৪ দিনে ৩২ ম্যাচ হয়েছে। উইকেটের আচরণ যে খারাপ ছিল, তা কিন্তু নয়। দলের কোচরা নির্ণয় করেছেন টি-টোয়েন্টি ছেলেদের দুর্বলতাগুলো। পরবর্তী সময়ে এগুলো নিয়ে কাজ করতে হবে।
১১তম বিপিএলে প্রতিটি র্ফ্যাঞ্চাইজি ভালো বিদেশি খেলোয়াড়ের সার্ভিস কতটুকু পাচ্ছে এখন বলা সম্ভব নয়। ভালো ক্রিকেটার সমাগম হলে স্থানীয় খেলোয়াড়রা উপকৃত হবেন, তারা তো ভালো খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা ছাড়াও একসঙ্গে দীর্ঘ সময় ধরে খেলতে পারবেন। টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের কয়েকজন খেলোয়াড়কে বিপিএলে বিভিন্ন র্ফ্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে দেখা যাবে। তারা তো ভবিষ্যতের ক্রিকেটার। বিপিএল গভর্নিং কাউন্সিলের উচিত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া। তারা সুযোগ পেলে টি-টোয়েন্টি ক্রিকেট উপকৃত হবে। দেশি ক্রিকেটারদের কোটা ১৫ জন করে ফেললে সমস্যার সমাধান সম্ভব। দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে সবাইকে এক হতে হবে। সংগঠকদের মধ্যে মতপার্থক্য আছে—এটি স্বাভাবিক। তবে বিপিএল অর্থবহ হোক—এটি কিন্তু সবাই চায়। সবাই দেখতে চায় দেশের ক্রিকেটে পরিবর্তন। অতীত নিয়ে টানাটানি নয়, এখন কাজ করা হোক সম্ভাবনা বাস্তবায়নের জন্য।
লেখক : কলামিস্ট ও বিশ্লেষক। সাবেক সিনিয়র সহসভাপতি এআইপিএস, এশিয়া। আজীবন সদস্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন।
সূত্র: কালের কণ্ঠ










