সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিচার বিভাগের উপর সরকার হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের বিষয় রাজনীতির মাঠে নিয়ে দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্যায়কারীকে সরকার ও দেশের আইন বিভাগ ছাড় দেয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় ৩৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার বেশির ভাগ আসামি আওয়ামী লীগ পরিচয়ের। কিন্তু আদালত এবং বিচারের কাছে এসব পরিচয়ে কাজ হয়নি।
তিনি বলেন, বিএনপির মহাসচিব এবং দলের নেতারা যেসব অভিযোগ করেন, সেসব ভিত্তিহীন। সরকার খালেদা জিয়ার মামলায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।
বিএনপি অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আদালতের বিষয় নিয়ে বিএনপি অহেতুক বিষোদ্গার করছে। সরকার নিজেদের লোককেও ছাড় দেয়নি।
তিনি বলেন, আগামী রোববার আপিল বিভাগে খালেদা জিয়ার মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে, তার আগে এটা নিয়ে বিএনপি কেন অপপ্রচার চালাচ্ছে? বিএনপির অপপ্রচারে দেশের জনগণ কখনো সাড়া দেয়নি। ভবিষ্যতেও জনগণ বিএনপির এসব অপপ্রচারে সাড়া দেবে না।
আগামী একাদশ জাতীয় নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন। এজন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশে স্থিতিশীলতা থাকুক, এ জন্য কাজ চলছে। নির্বাচনে সিদ্ধান্ত হবে কে ক্ষমতায় আসবে।
তিনি বলেন, ‘আমরা জোর করে নির্বাচন করিনি, ক্ষমতায় থাকিনি। নির্বাচন করে ক্ষমতায় এসেছি, নির্বাচনের মাধ্যমে সরে গেছি। জোর করে ক্ষমতায় থাকার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে।’ জনগণ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, না চাইলে ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন কাদের।
নতুন ভোটারদের বিষয়ে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নতুন ভোটারদের যে উপস্থিতি এবং শক্তি, সেই শক্তিকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। নতুন ভোটারদের কাজে লাগাতে হবে। এছাড়া নতুন ভোটারের অর্ধেকের বেশি নারী, এই নারী ভোটারদের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হবে।
নেপালে বিধ্বস্ত হওয়া বিমানের প্রসঙ্গে তিনি বলেন, নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। এজন্য প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক ও প্রতিমুহূর্তে হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছেন এবং সকল বিষয়ে নেপালকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।










