সিল্কসিটিনিউজ ডেস্ক :
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল্লাহ বলেছেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এটি জয়ী হলে আসনটিকে দুর্নীতি, চাঁদাবাজিমুক্ত এলাকা এবং হাসপাতাল ও শিল্পকারখানা গড়তে চাই। এলাকায় শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ বলেন, ‘আপনাদের ভাই হিসেবে আমি ওয়াদা করছি- এ এলাকায় রাস্তা, ব্রিজ-কালভার্ট ও বিশ্ববিদ্যালয় হবে। আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে এবং এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে আমার ভাই-বোনেরা এখানেই চাকরি পায়।
ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, রাত ১২টার পর গ্রামে যেসব লোক প্রবেশ করে তারা সাধারণত ভালো উদ্দেশে আসে না। তাই ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পাহারা দিতে হবে। রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত ধানের শীষের একটি ভোটও পাকা ধানের মতো করে রক্ষা করতে হবে।
আবদুল্লাহ বলেন, ‘আমি সংসদ সদস্য হতে পারলে এলাকার জনগণই হবে উন্নয়নের প্রধান শক্তি। এলাকার মানুষই সমস্যার সমাধান করবে। জনগণই সিরাজদিখান-শ্রীনগর পরিচালনা করবে। আমরা চাই দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সিরাজদিখান-শ্রীনগর।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, মালখানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তারুজ্জামান টিটু, মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপির সাবেক সহসভাপতি আজিজুল হক খান, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, ফুরসাইল ইউনিযন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: যুগান্তর










