
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সেই হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত হ্যাকারের নাম রাকিবুল ইসলাম। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর লিগ্যাল উইংয়ের সহযোগিতায় রাজশাহী জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম জানান, গত ১৭ জুলাই রাকিবুল ইসলাম দুর্গাপুরের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করেন। তাকে সরকারি কাজ দেওয়ার কথা বলে ‘নগদ’-এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন। ঘটনাটি দুর্গাপুরের ইউএনও জানতে পেরে থানায় অবহিত করেন। পুলিশ তদন্ত করে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, রাকিবুল এলাকায় হ্যাকার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা রয়েছে। নতুন করে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে একটি মামলা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কমকর্তা।
এএইচ/এস









