ছবিঘর

দুর্গাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, আইনি ব্যবস্থা নিচ্ছেন সোহিনী

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শারদোৎসবের আবহে দুর্গার প্রতিমার সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। ছবির সঙ্গে লিখেছিলেন, ‘মা এসে গেছে’।

কিন্তু সেই পোস্ট ঘিরেই আপত্তিকর মন্তব্যের মুখে পড়লেন অভিনেত্রী। শুধু তাকে নিয়েই নয়, মা দুর্গাকে নিয়েও করা হয়েছে অশালীন মন্তব্য। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি এবার আইনি পদক্ষেপ নিয়েছেন সোহিনী।
দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির ছবি তুলতে কুমোরটুলিতে ভিড় করেন সাধারণ মানুষ থেকে তারকারা।

সেই আবহেই উজ্জ্বল হলুদ কুর্তি, লম্বা দুল ও হালকা সাজে মাটির প্রতিমার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সোহিনী। কিন্তু তার সেই পোস্টের মন্তব্যের ঘরে একের পর এক আপত্তিকর মন্তব্য আসতে থাকে। অভিনেত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি আরাধ্য দেবী মা দুর্গাকে নিয়েও করা হয় কুরুচিকর মন্তব্য।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সোহিনী।

পাশাপাশি কলকাতার লালবাজার সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছেন তিনি। আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট ও অভিযোগ দায়েরের প্রমাণও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
নিজের পোস্টে সোহিনী লিখেছেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার ‘মা এসে গেছে’ পোস্টকে কেন্দ্র করে আমি যে ধরনের হয়রানির শিকার হচ্ছি, তা অত্যন্ত দুঃখজনক। শুধু আমাকেই নয় আমাদের আরাধ্যা দেবী মা দুর্গাকে নিয়েও অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সব কিছুরই একটা সীমা আছে।

আর এ ধরনের হয়রানিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনাদের অনেকেই আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের জানাতে চাই, আমি ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এফআইআর দায়ের করেছি। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং কলকাতা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সোহিনী আরো বলেন, ঘটনার বিষয়ে সবাইকে অবগত করতেই তিনি স্ক্রিনশটগুলো প্রকাশ করেছেন। আইনসম্মত প্রক্রিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে তার সংযোজন, ‘ঘটনাটি সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আমি এই স্ক্রিনশটগুলো শেয়ার করছি। এখন আমি আইনের ওপর আস্থা রেখে অপেক্ষা করছি। আইন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। আইনসম্মতভাবেই সঠিক প্রক্রিয়া মেনে সেই লড়াই হওয়া উচিত। কঠিন সময়ে যাঁরা আমার পাশে থেকেছেন, আমাকে সাহস জুগিয়েছেন এবং সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন ও ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’