সিল্কসিটিনিউজ ডেস্ক:
চুল-দাড়ি কামানোর সেলুন তো পৃথিবীতে আকছার। কিন্তু চোখের মণি কামানোর কথা কি কখনও স্বপ্নেও ভেবেছেন? আপনি ভাবেননি বটে, কিন্তু চিনের জিওং গাওউ অবশ্যই ভেবেছেন। কেবল ভাবা নয়, গত ৪০ বছর ধরে তিনি এই বিশেষ কাজটি করে আসছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছরের জিওং গাওউ চিনে ‘আইবল শেভার’ হিসেবে খুবই প্রসিদ্ধ। গত চল্লিশ বছরে তিনি অসংখ্য মানুষের চোখের মণি কামিয়েছেন। একজনেরও কোনও অসুবিধে হয়নি।

কেন মানুষ কামাতে আলেন চোখের মণি? উত্তর একেবারেই সহজ-সরল। স্থানীয় মানুষের বিশ্বাস, চোখের মণি কামালে দৃষ্টিশক্তি বাড়ে। জিওং গাওউ পেশায় ক্ষৌরকার। কিন্তু তাঁর আসল কেরামতি মাত্র পাঁচ মিনিটে চোখের মণি কামিয়ে ফেলায়। অত্যন্ত ধারালো ক্ষুর দিয়ে অতি দক্ষ হাতে গাওউ তাঁর কাজ সারেন। চোখের মণির সঙ্গে অবশ্য তিনি চোখের পাতাও কামিয়ে দেন।
চোখের পাতার ভিতর দিকের বৃদ্ধি মানুষের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। জিওং গাওউ এই ভিতর দিকের চোখের পাতার এই বেড়ে যাওয়া অংশকেই কামিয়ে দেন।
না খদ্দেরদের কোনও অভিযোগই নেই জিওং গাওউয়ের প্রতি। বরং তাঁরা দেদার খুশি, ‘উন্নততর দৃষ্টিশক্তি’ ফিরে পেয়ে।










