সদ্য প্রকাশিত
জাতীয়

দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক১২ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন— বাবা গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যাশিশু মুসকান। আহতরা হলেন— নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ও আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।

নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ঘুরতে বেরিয়েছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘আজ শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত এবং আরো ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।