
সিল্কসিটি নিউজ ডেস্ক
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি এই কারখানার উদ্বোধন করেন। এর আগে বেলা ১২টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান।

এরই মধ্যে নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।
দীর্ঘ প্রায় ১৯ বছর পর নরসিংদী গেলেন শেখ হাসিনা। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন সহ প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এছাড়াও নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ইতোমধ্যে জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটেছে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সকাল থেকেই আসতে শুরু করেছেন।








