সদ্য প্রকাশিত
খেলা

তিনশো পেরিয়েছে বাংলাদেশের ইনিংস

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
তিনশো পেরিয়েছে বাংলাদেশের ইনিংস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করেই শুরুটা করে প্রথমে ব্যাট করা টাইগাররা।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।

 

মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে লাহিরু সামাকোনের বলে রন চন্দ্রাগুপ্তাকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। অভিজ্ঞ ওপেনার তামিম টেস্ট মেজাজেই নিজের ইনিংস বড় করেছেন। কিন্তু তৃতীয় উইকেটে এসে মুমিনুল হক স্ট্রাইক রেট বাড়িয়ে রান তোলেন। দু’জনে মিলে তোলেন ১৪৩ রান। পরে ১০৩ বলে ১০টি চারের সাহায্যে মুমিনুল ৭৩ রানে স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছাড়েন।

 

সেঞ্চুরি তুলতে তামিম ১৪৬ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। তামিমের সেঞ্চুরির পর কিছুটা আক্রমণাত্মক খেলা অধিনায়ক মুশফিক ব্যক্তিগত ২১ রানে ফেরেন। ৩৭ বলে দুটি চারের সাহায্যে ২১ রান করে চামিকা করুনারত্নের বলে বোল্ড হন।

 

দিনের শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করা তামিম সেঞ্চুরির পরও সাবলীলভাবে খেলেন। তবে ১৩৬ রান করে অবসর নিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৮২ বলে নয়টি চার ও সাতটি ছক্কায় নিজের ইনিংস সাজান ড্যাশিং এ ওপেনার। এলবির ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে সাকিব করেন ৩০ রান। তার ইনিংটি ৪৬ বলে তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল।

 

গত রাতেই সফরকারী বাংলাদেশ জানতে পারে কারা তাদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ। দিনেশ চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ দলে অন্যদের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই দিনের এ ম্যাচের দু’দলেরই রয়েছে ১২ জন করে ক্রিকেটার। যেখানে ব্যাটিং ও বোলিং করতে পারবেন ১১ জন করে।

 

বাংলাদেশ: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাশ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সুভাষীশ রায়, তাসকিন আহমেদ।

 

শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট: দিনেশ চান্দিমাল, রন চন্দ্রাগুপ্তা, লিও ফ্র্যান্সিসকো, ওয়ানিদু ডি সিলভা, চামিকা করুনারত্নে, লাসিথ আম্বুলদেনিয়া, অভিষেক ফার্নান্দো, রোসেন সিলভা, আইরোশ সামারাসুরাইয়া, রুমেশ বুদ্দিকা, লাহিরু সামারাকোন, প্রবিন জয়াউইকরামা।

সূত্র: বাংলা নিউজ