লাইফ স্টাইল

তারকা হোটেলের বিয়ের রান্না

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২৬৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শাহি চিকেন রোস্ট

যা লাগবে : সোনালি চিকেন (৬০০ গ্রাম) ২ পিস, জিঞ্জার পেস্ট ২০ গ্রাম, গার্লিক পেস্ট ১০ গ্রাম, টকদই ৩০ গ্রাম, পেঁয়াজের বেরেস্তা ৪০০ গ্রাম, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, লবণ ২৫ গ্রাম, জয়ত্রী গুঁড়া ২ গ্রাম, জায়ফল গুঁড়া ২ গ্রাম, এলাচ গুঁড়া ২ গ্রাম, দারুচিনি ৫ গ্রাম, কালো এলাচ ২ গ্রাম, তেজপাতা ২ গ্রাম, মরিচ গুঁড়া ১০ গ্রাম, আলুবোখারা ২০ গ্রাম, কাঠবাদাম ১০ গ্রাম, কাজু বাদাম ১০ গ্রাম, মাওয়া ২০ গ্রাম, কেওড়াজল ১০ গ্রাম, চিলি সস ১০ গ্রাম।

যেভাবে করবেন : একটি বাটিতে চিকেনের সঙ্গে আদা পেস্ট, রসুন পেস্ট, টকদই, মরিচ গুঁড়া, লবণ (অল্প), ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। একটি কড়াই বা হাঁড়িতে সয়াবিন তেল ও ঘি একসঙ্গে গরম করুন। তাতে তেজপাতা, দারুচিনি, কালো এলাচ, লবঙ্গ সুগন্ধ বের হলে বুঝবেন ফোড়ন প্রস্তুত। এবার মেরিনেট করা চিকেন কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে ১০-১২ মিনিট ভালোভাবে কষান। চিকেন থেকে পানি বের হয়ে আবার শুকাতে শুরু করলে পরের ধাপে যান। এবার এতে একে একে জয়ত্রী, জায়ফল ও এলাচ গুঁড়া, চিলি সস, আলুবোখারা, কাঠবাদাম, কাজু বাদাম, মাওয়া হালকা নেড়ে মিশিয়ে নিন। এরপর ৪০০ গ্রাম বেরেস্তা দিয়ে ভালোভাবে মিক্স করুন। প্রয়োজনমতো সামান্য পানি দিন। ঢাকনা দিয়ে অল্প আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। গ্রেভি ঘন হলে কেওড়া জল ছড়িয়ে দিন। ২ মিনিট দম দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন বাসমতী পোলাও/ কাচ্চি বিরিয়ানি/ নান বা পরোটার সঙ্গে।

বোরহানি

যা লাগবে : টকদই ১৫০০ গ্রাম, আদা ১০০ গ্রাম, সরিষা বাটা ৬০ গ্রাম,

ধনিয়া পাতা ২০০ গ্রাম, পুদিনা পাতা ১৫০ গ্রাম, কাঁচামরিচ ৬০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, বিট লবণ ৫০ গ্রাম, সাদা গোলমরিচ ১০ গ্রাম, চিনি ৮০ গ্রাম, চাট মসলা ৩০ গ্রাম, জিরা ৫০ গ্রাম, লেমন ১০০ গ্রাম।

যেভাবে করবেন : একটি ব্লেন্ডারে একসঙ্গে আদা, ধনিয়া, পুদিনা, কাঁচামরিচ, জিরা, এরপর ভালোভাবে ব্লেন্ড করে একদম মসৃণ পেস্ট বানান। একটি বড় পাত্রে টকদই, সরিষা বাটা, ব্লেন্ড করা হার্বস পেস্ট, চিনি, বিট লবণ, সাদা গোলমরিচ, চাট মসলা, চিলি সস, লেবুর রস, সব উপকরণ ভালোভাবে বিট করে মিশিয়ে নিন। এবার প্রয়োজন অনুযায়ী ঠান্ডা পানি যোগ করুন। ঘনত্ব এমন হবে, যেন বোরহানি পান করার মতো স্মুথ হয়। চাইলে এ সময় বরফ যোগ করতে পারেন। বোরহানি ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে ভালোভাবে ঠান্ডা করুন। ঠান্ডা ঠান্ডা বোরহানি পরিবেশন করুন কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, বিফ তেহারি বা যে কোনো খাবারের সঙ্গে।

জালি কাবাব

যা লাগবে : চিকেন কিমা ৪০০ গ্রাম, জিঞ্জার পেস্ট ১০ গ্রাম, গার্লিক পেস্ট ৫ গ্রাম, পেঁয়াজ কুচি ১৫০ গ্রাম, কাঁচামরিচ ৫ পিস, পুদিনা ৫০ গ্রাম, জয়ত্রী গুঁড়া ২ গ্রাম, জায়ফল গুঁড়া ২ গ্রাম, এলাচ গুঁড়া ২ গ্রাম, ব্রেড ক্রাম্ব ৬০ গ্রাম, ডিম ২ পিস, সয়াবিন তেল ৪০০ গ্রাম, লবণ ৪০ গ্রাম।

যেভাবে করবেন : চিকেন কিমা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় বাটিতে একসঙ্গে চিকেন কিমা, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা কুচি, জয়ত্রী গুঁড়া, জায়ফল গুঁড়া, এলাচ গুঁড়া, লবণ, ১টি ডিম, ব্রেড ক্রাম্ব, সব উপকরণ ভালোভাবে হাতে মাখিয়ে নিন, যেন মিশ্রণটি শক্ত ও একসঙ্গে লেগে থাকে। হাত বা ছাঁচের সাহায্যে কিমার মিশ্রণ দিয়ে জালের মতো (নেট ডিজাইন) কাবাবের আকার তৈরি করুন। চাইলে সমতল গোল বা ডিম্বাকৃতিও করা যাবে। একটি ডিম ফেটিয়ে নিন। প্রতিটি জালি কাবাব ডিমে হালকা করে ডুবিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল ভালোভাবে গরম করুন। মাঝারি আঁচে একে একে কাবাব ছাড়ুন। উলটে-পালটে বাদামি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম জালি কাবাব পরিবেশন করুন সালাদ, লেবুর স্লাইস, টমেটো কেচআপ বা চাটনি, অথবা নান ও পরোটার সঙ্গে।

প্রন দোপেঁয়াজা

যা লাগবে : প্রন ১ কেজি, পেঁয়াজ ৪০০ গ্রাম, টকদই ২০ গ্রাম, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি ২০ গ্রাম, গার্লিক পেস্ট ২০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, মরিচ গুঁড়া ১৫ গ্রাম, হলুদ গুঁড়া ৫ গ্রাম, জিরা গুঁড়া ৫ গ্রাম, ধনিয়া গুঁড়া ৫ গ্রাম, টমেটো ২০০ গ্রাম, সবুজ ক্যাপসিকাম ১৫০ গ্রাম, চিলি সস ১০ গ্রাম, ধনিয়া পাতা ১০ গ্রাম, কাঁচামরিচ ৫ গ্রাম, ঘি ৩০ গ্রাম।

যেভাবে করবেন : প্রন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে ৫০ গ্রাম সয়াবিন তেল গরম করে প্রনগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে বাকি সয়াবিন তেল ও ২০ গ্রাম ঘি দিন। এতে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষান। তারপর রসুন পেস্ট দিন। এবার মরিচ গুঁড়া, হলুদ, জিরা, ধনিয়া, টমেটো, টকদই সব ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ে। এবার হালকা ভাজা প্রন দিন। সঙ্গে ক্যাপসিকাম, কাঁচামরিচ, চিলি সস, লবণ, হালকা নেড়ে ঢাকনা দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে পেঁয়াজ স্লাইস, ৩০ গ্রাম ঘি ও ধনিয়া পাতা দিয়ে ২-৩ মিনিট দম দিন। গ্রেভি আধা শুকনা হলে নামিয়ে নিন। গরম গরম প্রন দোপেঁয়াজা পরিবেশন করুন সাদা ভাত/পোলাও/নান বা পরোটার সঙ্গে।

 

সূত্র: যুগান্তর