সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

তথ্যমন্ত্রীর অপসারণ দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০১৭২ মিনিট পড়া
তথ্যমন্ত্রীর অপসারণ দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা। রোববার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সম্পাদক মামুন অর রশীদ,কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সদস্য তানজিমুল হক,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, সদস্য ও দৈনিক ইত্তেফাকের রাজশাহী অফিসের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান,এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম, ক্যমেরা পার্সন আবু সাঈদ, সময় টেলিভিশনের ব্যূরো প্রধান সাইফুর রহমান রকি, ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পাপ্পু, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিবেদক মাহবুব আলম, রাজশাহীর দৈনিক সোনালী সংবাদের সিনিয়র রিপোর্টার তৈয়বুর রহমানসহ অন্যান্যরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ২০১২ সালে গণমাধ্যম কর্মীদের জন্য ৮ম বেতন বোর্ড গঠন করা হয় এবং ২০১৩ সালের সেপ্টেম্বরে বোর্ড বোয়েদাদ ঘোষণা করা হয়। এতে বেতন-ভাতা কাঙ্খিত হারে বৃদ্ধি পায়নি। সরকার সেসময় আশ্বাস দিয়েছিল দ্রু আরেকটি বোর্ড ঘোষণা করে পুষিয়ে দেয়া হবে। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন হয়নি বরং সরকারি চাকুরীজীবিদের বেতন-ভাতা অসময়ে বৃদ্ধি করে আমাদের চেয়ে দ্বিগুন করা হয়। এতে সরকারী চাকুরিজীবিদের সাথে সাংবাদিকদের বেতন ভাতার বিস্তর পার্থক্য সৃষ্টি হয়।

তারা বলেন, তথ্যমন্ত্রীর সাথে বেতন ভাতা নিয়ে দু’বছর যাবৎ আলোচনা করে যাচ্ছেন। কিন্তু বারবার তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করছেন। নানা সময়ে ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। সর্বশেষ এক বছর যাবৎ মালিকরা প্রতিনিধি দেয় না বলে ওয়েজবোর্ড হচ্ছে না বলে অজুহাত দিয়ে যাচ্ছেন। এছাড়া সাংবাদিকদের নিপীড়নকারী আইসিটি আইনের ৫৭ ধারার পক্ষেই সাফাই গাইছেন। সাংবাদিকদের কোন বিপদে তাকে পাওয়া যায় না। তাই তার মতো সাংবাদিক বিদ্বেষী মন্ত্রী তথ্য মন্ত্রনালয়ে থাকা উচিত নয়। একারণে তার অপসারণ দাবি গণমাধ্যমকর্মীদের।

স/শ