সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ১ জন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। একইদিন সকালে এক্সপ্রেসওয়ের ষোলঘর ছাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হন।
১৭ ঘন্টার ব্যবধানে এ সড়কে ৬ জনের প্রাণহানি হলো।

রাতের ঘটনায় নিহতরা হলেন আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহতের নাম ইমন (২০)।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিক জানান, নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটির সামনে শ্রীনগর হতে নিমতলাগামী একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সঙ্গে নিমতলা হতে শ্রীনগরগামী অজ্ঞাতনামা প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।









