অর্থ ও বাণিজ্য

ডিজিটাল কারেন্সি লেনদেনের বৈধ মাধ্যম আনছে আইএমএফ

নিউজ ডেস্ক২০ জুন ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মূদ্রার লেনদেন সহজতর এবং নজরদারি করার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সিগুলোর জন্য বৈধ মাধ্যম আনছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ)। এই মাধ্যমে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিজিটাল কারেন্সিগুলোর লেনদেন সহজ এবং নিয়মতান্ত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইএমএফের নির্বাহী পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।

বর্তমান বিটকয়েন, ডোজকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সিতে নিয়মিত লেনদেন হলেও এই পদ্ধতিতে কোন নজরদারি নেই। সম্প্রতি কতগুলো দেশ কিছু ডিজিটাল কারেন্সির বৈধতা দিলেও বিশ্বের বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ। এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ডিজিটাল কারেন্সি(সিবিডিসি) চালু এবং এর আন্তর্জাতিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আইএমএফ কাজ করছে বলে জানিয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা।

১৯ জুন, সোমবার আফ্রিকা মহাদেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বিশ্বের ১১৪ টি কেন্দ্রীয় ব্যাংক সিবিডিসি নিয়ে কাজ করছে এবং ১০ টি কেন্দ্রীয় ব্যাংকের কাজ প্রায় শেষ।

জর্জিভা তার বক্তব্যে আরও বলেন, সিবিডিসির বাস্তবায়নের ফলে মানুষের বৈধ লেনদেনে আগ্রহ বাড়বে এবং রেমিটেন্স প্রবাহে ব্যয় কমবে। বর্তমানে রেমিটেন্স প্রবাহে বার্ষিক ব্যয় আছে লেনদেনের ৬.৩ শতাংশ, অঙ্কের হিসেবে যা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র; আমাদেরসময়