জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে ‘বকেয়া পরিশোধ’ না করার মামলা

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘বকেয়া পরিশোধ’ না করার অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মঙ্গলবার (১৪ মার্চ) শ্রম আদালতে ১০টি মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান দশ জন কর্মচারী। তিন নম্বর শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে এসব মামলা হয়েছে। আগামী মাসে ক্ষুদ্রঋণের জনক মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করা হবে।

 

তিন নম্বর শ্রম আদালতের শেরেস্তাদার মো. জামাল উদ্দিন জানান, মঙ্গলবার গ্রামীণ টেলিকমের সাবেক কর্মচারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করে মামলা দায়ের করেন।

 

শ্রম আদালতের শেরেস্তাদার আরও জানান— গ্রামীণ টেলিকমের সাবেক সহকারী অফিসার সজিবুর রহমান, ওই প্রতিষ্ঠানের সাবেক তিন জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সুফিয়ান, গুলশান আহমেদ ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

 

মামলায় বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনের এক তৃতীয়াংশ শেয়ারের মালিক গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানটির লাভের অংশ কর্মীদের সঙ্গে শেয়ার করার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলার। কিন্তু কর্মীদের মাঝে এই মুনাফা পরিশোধ করা হয়নি।

 

গত দশকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২১ হাজার কোটি টাকার মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের ৮০ শতাংশ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদেরকে পরিশোধ ও ১০ শতাংশ সরকার এবং ১০ শতাংশ প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলে জমা দিতে হবে। কিন্তু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চার জন তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন