সিল্কসিটিনিউজ ডেস্ক:
কপিরাইট নিয়মের কারণে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টিকটক ভিডিও থেকে পপ তারকা টেইলর সুইফটের হিট গান ‘অগাস্ট’ সরিয়ে ফেলা হয়েছে। ব্যালকনিতে ট্রাম্প দম্পতির আতশবাজি দেখার একটি ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে শেষ পর্যন্ত আপত্তি তোলেন গানের স্বত্বাধিকারীরা।
সম্প্রতি টিকটকের প্রচারণামূলক অ্যাকাউন্টটিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের আতশবাজি দেখার একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল সুইফটের ২০২০ সালের প্রশংসিত অ্যালবাম ‘ফোকলোর’-এর হিট গান ‘অগাস্ট’। পোস্টের চার দিন পর শুক্রবার (৭ আগস্ট) ভক্তরা লক্ষ্য করেন, ভিডিওটির সাউন্ড ব্লক হয়ে গেছে। অ্যাপের মার্কিন সংস্করণে একটি নোটিফিকেশন দিয়ে লেখা উঠেছে— ‘কপিরাইটের মালিক এই সাউন্ডটি আপনার দেশে উপলব্ধ করেননি।’ যদিও অডিও সরিয়ে দেওয়া সত্ত্বেও ট্রাম্পের ১৪ মিলিয়ন অনুসারী সমৃদ্ধ অ্যাকাউন্টে পোস্টটি এখনও দৃশ্যমান।

তবে এর আগে ট্রাম্পের অ্যাকাউন্টে পোস্ট করা সুইফটের ‘ফাদার ফিগার’ গানযুক্ত অন্য একটি ভিডিওর অডিও একই কারণে বন্ধ করা হয়েছে।
পপ তারকা টেইলর সুইফটের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈরী সম্পর্ক নতুন কিছু নয়। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে পোস্ট করার পর ক্ষিপ্ত হয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ এর আগে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুইফটের ভুয়া ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প— যেখানে তুলে ধরা হয়েছিল যে গায়িকা নাকি ট্রাম্পের সমর্থক।
সেই সময়ে বিষয়টি তুমুল বিতর্কের সৃষ্টি করলেও ট্রাম্প বিষয়টিকে হালকাভাবেই নিয়েছিলেন।
টিকটক কর্তৃপক্ষের এই কপিরাইট পদক্ষেপের পর ট্রাম্প ও টেইলর সুইফটের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।









